নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ভুয়ো নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট চালিয়ে পড়ুয়াদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে বিহারের এক বাসিন্দাকে আটক করল শিলিগুড়ি থানার পুলিস। জানা গিয়েছে, শিলিগুড়ির একটি এলাকায় একটি নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট খুলে বিহারের ওই বাসিন্দা বেশকিছু পড়ুয়ার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করেছিল। কিন্তু টাকা নেওয়া হলেও কোনও পড়াশুনা ওই প্রতিষ্ঠানে হচ্ছিল না বলে অভিযোগ। এমনকী পড়ুয়াদের আসল নথি আটকে সেগুলি ফেরত দিতে এক লক্ষ টাকা করে আদায় করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। শনিবার সমস্ত অভিযোগ নিয়ে ওই ইনস্টিটিউটে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। প্রশিক্ষণের জন্য দেওয়া টাকা ফেরত চাওয়ার পাশাপাশি একাধিক অভিযোগ করেন অভিভাবকরা। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এই প্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি (পূর্ব) রাকেশ সিং বলেন, আমাদের কাছে অভিযোগ জমা পড়লে আমরা তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেব।



