Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাগুইআটি তোলা কাণ্ড: কাউন্সিলারের খোঁজে তল্লাশি ডুয়ার্সের রিসর্টে  

বাগুইআটি তোলা কাণ্ড: কাউন্সিলারের খোঁজে তল্লাশি ডুয়ার্সের রিসর্টে
 
  • ১৯ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ঘটনার পরই বাড়িতে হানা দিয়েছিল পুলিস। কিন্তু, পাওয়া যায়নি তাঁকে! ৫০ লক্ষ টাকা তোলাবাজি কাণ্ডে গা ঢাকা দিয়েছেন বিধাননগর পুরসভার কাউন্সিলার সমরেশ চক্রবর্তী! দ্বিতীয়বার পুলিস তাঁর বাগুইআটির বাড়িতে গিয়ে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজিরার নোটিসও দিয়ে এসেছিল। কিন্তু থানায় যাননি তিনি। এবার পলাতক কাউন্সিলারের খোঁজে উত্তরবঙ্গের চিলাপাতার জঙ্গলে একটি রিসর্টে তল্লাশি চালাল বাগুইআটি থানার পুলিস। আলিপুরদুয়ারের ওই জঙ্গলে নাকি যৌথ উদ্যোগে তাঁর একটি রিসর্ট রয়েছে। সেখানে গা ঢাকা দিতে পারেন আশঙ্কা করে পুলিস বুধবার সাত সকালে সেখানে আচমকা হানা দিয়ে তল্লাশি চালায়। কিন্তু সেখানেও তাঁকে পাওয়া যায়নি। ওই রিসর্টেও নোটিস দেওয়া হয়েছে।
Advertisement
বিধাননগর কমিশনারেটের বাগুইআটি থানার অন্তর্গত রঘুনাথপুরে একটি বহুতল নির্মাণ করছেন প্রোমোটার কিশোর হালদার। বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার সমরেশ চক্রবর্তী তাঁর কাছে ৫০ লক্ষ টাকা তোলা চেয়েছিল বলে অভিযোগ। প্রোমোটার ৩ লক্ষ টাকা দিয়েছেন। অভিযোগ, তোলার পুরো টাকা না দেওয়ায় গত ১৫ ডিসেম্বর নির্মাণ সাইটে প্রোমোটারকে মারধর করে কাউন্সিলারের লোকজন। রিভলবারের বাঁট দিয়ে তাঁর মাথা ফাটিয়ে দেওয়া হয়। ওইদিনই আক্রান্ত প্রোমোটার কাউন্সিলারের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। কাউন্সিলারের দু’জন অনুগামীকেও গ্রেপ্তার করা হয়েছে। এদিকে সেই প্রোমোটারের নিরাপত্তার জন্য তাঁর বাড়িতে আইসির নেতৃত্বে টহলের কাজ শুরু করেছে পুলিস।  
কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ১৫ ডিসেম্বরের ঘটনার পর ১৬ ডিসেম্বরই পুলিস কাউন্সিলারের বাড়িতে তল্লাশিতে যায়। তাঁকে পাওয়া যায়নি। পরদিন ১৭ ডিসেম্বর ফের তাঁর বাড়িতে যায় পুলিস। ওইদিন তাঁর বাড়িতে নোটিস লাগানো হয়েছিল। জানা গিয়েছে, চিলাপাতায় অনেকদিন ধরেই যৌথ উদ্যোগে ওই রিসর্টটি নিয়েছেন কাউন্সিলার। কয়েকজনে মিলে ওই রিসর্টের ব্যবসা করেন। রিসর্টে তাঁকে পাওয়া না গেলেও এক পুলিস আধিকারিক বলেন, যেখানে যেখানে যেতে পারেন, সব জায়গায় তল্লাশি চলছে। আরও কয়েকটি জায়গায় খোঁজ করা হচ্ছে।
সম্পর্কিত সংবাদ