নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভিআইপি রোডের ধারে অভিজাত আবাসনের ছাদে কালীপুজোর রাতে নিষিদ্ধ শব্দবাজি ফাটিয়ে চলছিল উল্লাস। খবর পেয়ে পুলিস গ্রেপ্তার করে দু’জনকে। কোথাও রাস্তার উপর শব্দবাজি ফাটছিল। পুলিস হানা দেয় সেখানেও। সব মিলিয়ে কালীপুজোর রাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগে বাগুইআটি ও লেকটাউন থানা এলাকায় ২০ জনকে গ্রেপ্তার করল পুলিস। এছাড়াও, বিধাননগর কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে কয়েক ক্যুইন্টাল নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়েছে।
Advertisement
পুলিস জানিয়েছে, বাগুইআটি থানা এলাকায় ভিআইপি রোডের ধারে একটি অভিজাত আবাসনের ছাদে দেদারে বাজি ফাটানো হচ্ছিল খবর পেয়ে বাগুইআটি থানার আইসি সেখানে যান। তাঁর নেতৃত্বে বিভিন্ন এলাকায় তল্লাশি চলে। সব মিলিয়ে বাজি ফাটানোর অভিযোগে এই থানা এলাকায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়। লেকটাউন থানার একটি আবাসন এবং রাস্তা থেকে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, ৪০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধারের পাশাপাশি, একজন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে বিধাননগর উত্তর থানার পুলিস। বিমানবন্দর থানা এলাকাতেও নিষিদ্ধ বাজি বিক্রির ৩টি পৃথক মামলা হয়েছে। টালা থানার পুলিস বৃহস্পতিবার রাতে আর জি কর রোডে একটি দোকান থেকে ৬৫ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে। দোকানদারকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বরানগর, কামারহাটি, দমদম, সোদপুর, ঘোলা সহ বিস্তীর্ণ এলাকায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শব্দবাজির দাপট শুরু হয়। রাত যত বেড়েছে ততই শব্দ দানবের দাপট বেড়েছে। বৃহস্পতিবারের মতো শুক্রবারও একই চিত্র দেখা গিয়েছে।
বৃহস্পতিবার বরানগর, কামারহাটি, দমদম, সোদপুর, ঘোলা সহ বিস্তীর্ণ এলাকায় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শব্দবাজির দাপট শুরু হয়। রাত যত বেড়েছে ততই শব্দ দানবের দাপট বেড়েছে। বৃহস্পতিবারের মতো শুক্রবারও একই চিত্র দেখা গিয়েছে।



