সংবাদদাতা, বাগডোগরা: অসামাজিক কার্যকলাপ ও সমাজবিরোধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ। সরকারি মদতে রাজ্যে একের পর এক দুর্নীতি প্রশ্রয় পাচ্ছে। শনিবার বাগডোগরা বিমানবন্দরে এমনই অভিযোগ করলেন, কেন্দ্রীয় ক্রেতা ও খাদ্যসুরক্ষা, সামাজিক ন্যায় বিচার এবং সশক্তিকরণ বিভাগের রাষ্ট্রমন্ত্রী বি এল ভার্মা। এদিন তিনি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়িতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন। এদিন তিনি রাজগঞ্জের কুকুরজানে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। বিমানবন্দরে তিনি বলেন, শুধু আর জি করের ঘটনাই নয়, এরাজ্যে আইনের শাসন নেই। এখানে সংখ্যালঘুদের তুষ্টিকরণের রাজনীতি চলছে। শুধু চিকিৎসকদের মধ্যেই নয় দেশের মানুষ এই ধরনের ঘটনা কখনোই মেনে নেবেন না। আর জি করের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিচার ব্যবস্থার উপরে আস্থা রয়েছে। সঠিক সময়ে প্রকৃত দোষী অবশ্যই শাস্তি পাবে।



