সংবাদদাতা, বাগডোগরা: বাগডোগরায় ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সন্ধ্যায় বাগডোগরা এয়ারপোর্ট মোড় সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে মাটির নিচ দিয়ে যাওয়া হাইটেনশন তারে হঠাৎ আগুন লেগে যায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সাবস্টেশন থেকে থেকে বাগডোগরা বায়ুসেনা ক্যাম্পে ওই বৈদ্যুতিক সংযোগ গিয়েছে। এদিন বিদ্যুৎ বিভাগের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর মাটিগাড়া দমকল বিভাগের কর্মীদের খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে দেড় ঘণ্টা সময় লাগে। এবিষয়ে বিদ্যুৎ বিভাগের কর্মী (শিবমন্দির এসটি) কৈলাস বর্মন জানান, ওই তারে প্রচুর বিদ্যুৎ থাকে। যেকোনও সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। এমনকী বিস্ফোরণের সম্ভাবনা ছিল। প্রথমে বালি ও মাটি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। দমকল কর্মীরা পরে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের জেরে ২০ মিটার হাইটেনশন তার পুড়ে গিয়েছে।



