সংবাদদাতা, বনগাঁ: কুকুরের আতঙ্কে ভুগছেন বাগদার পাঁচটি গ্রামের মানুষ। ইতিমধ্যে এলাকার প্রায় ত্রিশজন একটি কুকুরের কামড়ে জখম হয়েছেন। বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। বাইরে গেলেও অনেকেই হাতে লাঠি নিয়ে ঘুরছেন। বাগদা ব্লকের ঝাউখালি, চাপারুই, রামনগর, মালিদা, বাজিতপুর গ্রামে একটি কুকুর অস্বাভাবিক আচরণ করছে বলে দাবি বাসিন্দাদের। বহু মানুষকে কামড়েছে কুকুরটি। ‘পাগলা’ কুকুরের আতঙ্কের পাশাপাশি সরকারি হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক না পেয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মনে।
Advertisement
বাগদার বাসিন্দাদের একমাত্র ভরসা বাগদা গ্রামীণ হাসপাতাল। কিন্তু এই হাসপাতালে বেশ কিছুদিন ধরে জলাতঙ্কের ভ্যাকসিন নেই। চাঁপারুই গ্রামের বাসিন্দা বিনয় মণ্ডল বলেন, আমাকেও কামড়েছে কুকুরটি। এদিকে, বাগদা হাসপাতালে ভ্যাকসিন নেই। আমাদেরকে তাই বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হচ্ছে। রবিবার বাগদা হাসপাতালে অনেকেই ভ্যাকসিন পাননি। তাঁদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাগদা পঞ্চায়েতের প্রধান। কুকুরের কামড়ে জখমদের বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এবিষয়ে বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার বলেন, বর্তমানে বাগদা গ্রামীণ হাসপাতালে জলাতঙ্কের প্রতিষেধক নেই। তবে আশা করা যায়, শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। এছাড়া বেশ কয়েকজনকে অ্যাম্বুলেন্স করে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ব্লক স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গিয়েছে, ভ্যাকসিন সাপ্লাই না থাকায় একটু অসুবিধা হচ্ছে। দ্রুত সমস্যা সমাধান হয়ে যাবে।



