Bartaman Logo
১৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

বিএসএফের উর্দি পরে গোরু পাচারের চেষ্টা, গ্রেপ্তার তিন

হাতে অস্ত্র। পরনে বিএসএফ-এর মতো উর্দি। এমন ছদ্মবেশে গোরু পাচারের চেষ্টা করেও সফল হল না পাচারকারীরা। সীমান্তপার করার আগেই পাচারকারীদের রুখলেন জওয়ানরা।

বিএসএফের উর্দি পরে গোরু পাচারের চেষ্টা, গ্রেপ্তার তিন
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: হাতে অস্ত্র। পরনে বিএসএফ-এর মতো উর্দি। এমন ছদ্মবেশে গোরু পাচারের চেষ্টা করেও সফল হল না পাচারকারীরা। সীমান্তপার করার আগেই পাচারকারীদের রুখলেন জওয়ানরা। উদ্ধার হয়েছে ২টি মোষ। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে মালদহের হবিবপুরের বাংলাদেশ সীমান্তে। বিএসএফ জানিয়েছে, তিনজনকে আটক করে পুলিসের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিস তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে ২টি তলোয়ার,একটি ছুরি ও একটি নকল প্লাস্টিকের বন্দুক উদ্ধার হয়েছে। পাচারকারীদের এই নয়া ছক নিয়ে চিন্তিত বিএসএফ ও গোয়েন্দারা। 
Advertisement
বিএসএফ-এর ৮৮ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী নরেশ কুমার জওয়ানদের প্রশংসা করে বলেন, বিএসএফ সর্বদা সীমান্ত নিরাপত্তায় প্রস্তুত এবং দিনরাত যে কোনও অপরাধ প্রতিরোধে আমরা অঙ্গীকারবদ্ধ।
তিনি জানান, বিএসএফ আবারও প্রমাণ করল, সীমান্তে অনুপ্রবেশ বা অবৈধ কার্যকলাপ বরদাস্ত করবে না। 
বিএসএফের তরফে বুধবার একটি প্রেসবিবৃতি জারি করে বিষয়টি জানানো হয়। বিএসএফ জানায়, মঙ্গলবার গভীর রাতে হবিবপুর থানা এলাকার পুন্নাপুর বর্ডার আউটপোস্টের কাছাকাছি সীমান্ত দিয়ে বাংলাদেশে গোরু পাচারের চেষ্টা চলছিল। 
বিএসএফ-এর একটি বিশেষ দল বনপাহাড় গ্রামে অভিযান চালায়। মঙ্গলবার গভীর রাতে সেখানে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা। পাচারকারীদের গতিবিধি বুঝতে পেরে ওই এলাকাটি ঘিরে ফেলেন তাঁরা। সেই সময় বিপদ বুঝে পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। জওয়ানরা তাদের পিছু নিয়ে তিনজনকে ধরে ফেলে। এদিকে ধৃতদের আটক করেই চক্ষু চড়কগাছ বিএসএফ জওয়ানদের। পাচারকারীরা বিএসএফের পোশাক পরে ছিল। জওয়ানদের অনুমান, বাহিনীকে বিভ্রান্ত করতেই তারা এই ছদ্মবেশ নিয়েছে। ধৃতরা প্রত্যেকেই মালদহ জেলার বামনগোলা থানার অন্তর্গত শিমলা ও মালঞ্চা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। 
 
Advertisement
সম্পর্কিত সংবাদ