Bartaman Logo
২৭ মে, ২০২৬

বিএসএফের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা দুষ্কৃতীদের, ত্রিপুরা সীমান্তে উত্তেজনা

বিএসএফের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা দুষ্কৃতীদের, ত্রিপুরা সীমান্তে উত্তেজনা
  • ৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
বিশেষ সংবাদদাতা, আগরতলা: চাঞ্চল্যকর ঘটনা ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরের মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ৪৭ নম্বর পিলারের কাছে। বিএসএফ জওয়ান ও বাংলাদেশি পাচারকারীদের মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তেজনা ছড়ায়। জওয়ানদের বন্দুক ছিনতাইয়ের চেষ্টা হয় বলে অভিযোগ। 
Advertisement
জানা গিয়েছে, সোমবার দুপুরে মাগুরুলী সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি পাচারকারী ভারতীয় এলাকা থেকে বিড়ি পাচার করছিল। টহলরত দুই বিএসএফ জওয়ান এই কাজে বাধা দিলে পাচারকারীরা তাঁদের সঙ্গে তর্ক শুরু করে। এরপরই তারা পালানোর চেষ্টা করে। ওই দুই জওয়ান পাচারকারীদের পিছু ধাওয়া করে ভুলবশত বাংলাদেশের সীমানায় ঢুকে পড়েন। এই ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দুই বিএসএফ জওয়ান ভারতের সীমানায় ফিরে আসার চেষ্টা করলে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে। এর মধ্যেই বাংলাদেশের স্থানীয় গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে দুই বিএসএফ জওয়ানের উপর হামলে পড়ে। এই ভিডিও সামাজিক মাধ্যমে মুহুর্তেই ছড়িয়ে পড়ে। বাংলাদেশের স্থানীয় গ্রামবাসী ও পাচারকারীরা বিএসএফ জওয়ানদের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এমনকী তাঁদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে বলে অভিযোগ। সেইসঙ্গে বিএসএফ জওয়ানদের উদ্দেশ্য করে কটূক্তি ও  ভারতীয় সেনার বিরুদ্ধে মিথ্যা অভিযোগও তোলা হয়। এরইমধ্যে বিএসএফের আরও জওয়ান ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। উত্তেজিত গ্রামবাসী সহ পাচারকারীরা সরে যেতে বাধ্য হয়। এই ঘটনা পর কৈলাসহরে মাগুরুলী গ্রাম পঞ্চায়েতের সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। উভয় পক্ষের নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিএসএফ এই ঘটনায় এখনও কিছু স্পষ্ট করে জানায়নি।
সম্পর্কিত সংবাদ