Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হলদিয়ায় ছটে মাতলেন বাঙালিরাও

হলদিয়ায় ছটে মাতলেন বাঙালিরাও
  • ২৮ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হলদিয়া: সোমবার হলদিয়ায় অবাঙালিদের সঙ্গে ছটপুজোর আনন্দে মাতলেন বাঙালিরাও। এদিন শিল্পাঞ্চলের বিভিন্ন জায়গায় ছটপুজো উপলক্ষ্যে ব্রত পালনকারী মহিলা ও পুরুষরা অস্তগামী সূর্য দেবতার উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন। হলদিয়ার দুর্গাচক ও টাউনশিপের বড়দিঘি ও হলদি নদীর ঘাটে ব্রতীরা জড়ো হয়ে পুজোপাঠ ও নানা উপাচার সহযোগে অর্ঘ্য নিবেদন করেন। হলদিয়ার দুর্গাচকে আইটিআই মাঠে হলদিয়া পুরসভা ও সঙ্কট মোচন সেবা কেন্দ্রের যৌথ উদ্যোগে ছটপুজোর উদ্বোধন অনুষ্ঠান হয়। ওই মাঠের পাশে ইকো পার্কের বড়দিঘির জলে দাঁড়িয়ে সূর্য প্রণাম সারেন ব্রতীরা। এদিন ছটপুজো অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিধায়ক তাপসী মণ্ডল, অতিরিক্ত পুলিস সুপার মনোরঞ্জন ঘোষ, প্রাক্তন পুর চেয়ারম্যান সুধাংশু মণ্ডল ও পুরসভার আধিকারিকরা। হলদিয়ায় আইওসির রিফাইনারির উদ্যোগেও ছটপুজো উপলক্ষ্যে নবনির্মিত সুরজ কুণ্ডের উদ্বোধন হয়েছে। তার পাশে কৃত্রিম পাহাড়ের উপর স্থাপন করা হয়েছে সপ্তাশ্ব সূর্য রথ। পোড়ামাটির ওই সূ্র্য রথের শিল্প নৈপুন্য দেখলে চোখ জুড়িয়ে যায়। পোড়ামাটির ওই শিল্পকর্ম তৈরি করেছেন শিল্পী শোভন দাস। এদিন সুরজ কুণ্ড ও সূর্য রথের উদ্বোধন করেন আইওসি রিফাইনারির এগজিকিউটিভ ডিরেক্টর(টেকনিক্যাল) সুশান্তকুমার দাস। উপস্থিত ছিলেন হলদিয়া রামকৃষ্ণ সারদা মিশন আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী বিবেকাত্মানন্দজি মহারাজ, আইওসির জিএম অশোককুমার সিনহা, হলদিয়ার ডিরেক্টর অব ফ্যাক্টরিজ দেবায়ন দে ও বিভিন্ন শিল্প সংস্থার আধিকারিকরা। ওই সুরজ কুণ্ড এদিন ছটপুজোর ব্রতীদের জন্য খুলে দেওয়া হয়। সূ্র্য দেবতাকে প্রণাম করে ওই সুরজ কুণ্ডে এদিন ছটপুজো করেন ব্রতীরা। এধরনের উদ্যোগ জেলায় প্রথম।

Advertisement

- হলদিয়ার টাউনশিপে আইওসি রিফাইনারির উদ্যোগে ছটপুজো।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ