নয়াদিল্লি: পদার্থবিদ্যায় বিশেষ অবদানের জন্য চলতি বছরে অস্কার ক্লেইন মেডেল পেলেন বাঙালি বিজ্ঞানী অশোক সেন। প্রথম ভারতীয় পদার্থ বিজ্ঞানী হিসাবে এই পুরস্কার পেলেন তিনি। এর আগে স্টিফেন হকিং, পিটার হিগস ও কিপ থ্রোনের মতো বিজ্ঞানীরা অস্কার ক্লেইন মেডেল পেয়েছিলেন।
বর্তমানে বেঙ্গালুরুর ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিয়োরেটিক্যাল সায়েন্সেসে (আইসিটিএস) অধ্যাপনা করেন অশোকবাবু। স্ট্রিং থিয়োরি নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন তিনি। সুইডেনের তাত্ত্বিক পদার্থবিদ অস্কার ক্লেইনকে সম্মান জানিয়ে ১৯৮৮ সাল থেকে এই পুরস্কার চালু করা হয়। স্টকহোম বিশ্ববিদ্যালয় এবং রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের নোবেল কমিটি ফর ফিজিক্স যৌথভাবে এই সম্মান প্রদান করে। ২২ অক্টোবর স্টকহোমে পুরস্কার গ্রহণের পর ‘গ্র্যাভিটি ফ্রম স্ট্রিংস অ্যান্ড স্ট্রিংস ফ্রম গ্র্যাভিটি’ শীর্ষক ভাষণ দেন তিনি। কোয়ান্টাম ফিজিক্সের সাহায্যে কীভাবে স্ট্রিং থিওরির ব্যাখা এবং ব্ল্যাক হোল সংক্রান্ত প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব, তা নিয়ে আলোচনা করেন তিনি। আইসিটিএসের ডিরেক্টর রাজেশ গোপকুমার বলেন, অশোকের এই সম্মানে প্রতিষ্ঠানের ঊত্কর্ষ বৃদ্ধি পেল।



