ভেনিস চলচ্চিত্র উৎসবে জয়জয়কার ভারতের। বাংলার। ফেস্টিভ্যালের ‘অরিজন্টি’ বিভাগে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে খেতাব জিতলেন বঙ্গতনয়া অনুপর্ণা রায়। ‘সংগস অব ফরগটেন ট্রিজ’ ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি। লাল পাড় সাদা শাড়িতে সেজে তিনি যখন পুরস্কার নিতে উঠছেন, হাততালিতে ভরে উঠেছিল মঞ্চ। অরিজন্টি বিভাগের জুরি প্রেসিডেন্ট তথা ফরাসি পরিচালক জুলিয়া ডুকুরনোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন অনুপর্ণা। ছলছল চোখে বললেন, ‘অবিশ্বাস্য মুহূর্ত।’ অনুপর্ণা পুরুলিয়ার মেয়ে। তাই বাংলা তথা বাংলার দর্শককে ‘ধন্যবাদ’ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘এই জয় পুরুলিয়ার। বাংলাকে ধন্যবাদ।’
মুম্বই নিবাসী দুই মহিলার জীবনের গল্প বলে অনুপর্ণা পরিচালিত ছবিটি। মুখ্য চরিত্রে রয়েছেন নাজ শেখ ও সুমি বাঘেল। প্রযোজনার দায়িত্বে ছিলেন বিভাংশু রায়, রোমিল মোদি ও রঞ্জন সিং। পরিবেশক অনুরাগ কাশ্যপ। অন্তরালে থাকা প্রত্যেক নারীর প্রতি এই জয় উৎসর্গ করেছেন অনুপর্ণা। তিনি বলেন, ‘এই ছবিটি প্রত্যেক মহিলার লড়াইয়ের গল্প। যাঁরা নিঃশব্দে লড়াই করার পরেও সমাজে তেমন গুরুত্ব পান না, তাঁদের উৎসর্গ করা হল। এই জয় হয়তো নীরব বিপ্লবীদের ভাষা হয়ে উঠবে।’ তাঁর সংযোজন, ‘এমন একটি ভিন্নধারার ছবিকে বিশ্বাস করার জন্য প্রযোজক, অনুরাগ কাশ্যপ, আমার ডিওপি অশীতিপর দেবজিৎ বন্দ্যোপাধ্যায়, দর্শককে ধন্যবাদ।’ প্যালেস্তাইনের ভয়াবহ পরিস্থিতি নিয়েও ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ খুলেছেন পরিচালক। বলেছেন, ‘প্রতিটি শিশুর শান্তি, স্বাধীনতা ও মুক্তি পাওয়ার অধিকার রয়েছে। প্যালেস্তাইন এর ব্যতিক্রম নয়। আমাদের এক মুহূর্ত ভাবা দরকার।’