সৌম্যকান্তি ত্রিপাঠী, দাঁতন: এবার পুজোয় বেলদা, দাঁতন ও কেশিয়াড়িতে থিমের লড়াই জমে উঠেছে। দর্শনার্থী টানতে বিভিন্ন পুজো কমিটি নানারকম থিম বেছে নিয়েছে। কোথাও পুজো মণ্ডপে থাকছে রাজস্থানের ছোঁয়া, আবার কোথাও গ্রাম্য পরিবেশ, নানা শিল্প, এমনকী মিশরের ফারাওয়ের মমি পুজোর থিমে তুলে ধরা হবে। ভয় শুধু বৃষ্টির। পুজোর আনন্দ বৃষ্টি যেন মাটি না করে, দেবীর কাছে সেই প্রার্থনাই করছেন পুজো উদ্যোক্তারা।
বেলদায় এবার নবীন-প্রবীণ ক্লাবের পুজো ৫০তম বর্ষে পড়েছে। রাইস মিলের মাঠে তাদের মণ্ডপসজ্জার থিম ‘রাজস্থান’। রাজস্থানি সংস্কৃতিকে পুজোর থিমে তুলে ধরছে তারা। প্রতিমাতেও রাজস্থানি ছোঁয়া থাকছে। জ্যান্ত উট রাখার পরিকল্পনাও নিয়েছেন উদ্যোক্তারা। বেলদা গঙ্গাধর অ্যাকাডেমির মাঠে তৈরি হচ্ছে একতা ক্লাবের মণ্ডপ। তাদের পুজোর থিম ‘মিশরের ফারাওয়ের মমি’। পিরামিডের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ। তাতে ফুটিয়ে তোলা হচ্ছে প্রাচীন মিশরের নানা অবয়ব। আলো-আঁধারি পরিবেশে দর্শনার্থীদের ফারাওদের আমলে নিয়ে যাবেন পুজো উদ্যোক্তারা। থিমের লড়াইয়ে পিছিয়ে নেই দেউলী যুবতীর্থ ক্লাব। তাদের থিম ‘মাটির ঘরে মা’। মণ্ডপসজ্জায় গ্রামীণ পরিবেশকে ফুটিয়ে তোলা হচ্ছে। থিমের সঙ্গে মানানসই সাবেকি প্রতিমা থাকছে। বেলদা নান্দনিক ক্লাবের পুজোর থিম ‘মহাদেব’। শিবঠাকুর-সংক্রান্ত নানা বিষয় পুজো মণ্ডপে ফুটিয়ে তোলা হবে।
কেশিয়াড়িতেও পুজোর থিমে কমতি নেই। ড্যাফোডিল ক্লাব এবার একটু অন্যধরনের থিম করেছে। পটচিত্র থেকে শুরু করে মৃৎশিল্প-নানা ধরনের শিল্পকলাকে উৎসাহিত করতে এবার তাদের থিম ‘আটে আর্ট’। মণ্ডপের প্রতিটি কোণে নানা শিল্পকলা দেখা যাবে। কোথাও বাঁশ, কোথাও মাটি, কোথাও আবার কাঠের শিল্পকলা ও হাতে আঁকা ছবি থাকবে। পিছিয়ে নেই কেশিয়াড়ি ডায়মন্ড ক্লাবও। এই ক্লাবের থিম ‘পল্লি রাগিণী’। বাংলার প্রত্যন্ত এলাকার মাটির ঘর সহ গ্রামীণ পরিবেশ পুজো মণ্ডপে তুলে ধরা হবে। কেশিয়াড়ির আহেলী সংঘ এবারই প্রথম দুর্গাপুজো করছে। রাজ্য সরকারের দেওয়া লক্ষীর ভাণ্ডারের টাকা জমিয়ে মহিলারা এই পুজোর আয়োজন করছেন। পুজোর থিম তাই ‘লক্ষ্মীর ভাণ্ডার’।
দাঁতনে রেল কলোনি সর্বজনীনও পুজোয় গ্রামের পরিবেশকে তুলে ধরতে চলেছে। তাদের থিমের নাম ‘পল্লিবাংলা’। নতুনবাজারের শ্রী সংঘের পুজোয় প্রতিবারের মতো ডাকের সাজের প্রতিমা হচ্ছে। সরাইবাজার সর্বজনীনও সাবেকি পুজো করছে। তবে মোহনপুরের বৈতা বাজার সর্বজনীন এবার থিম হিসেবে রাখছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির। বজ্রযোগিনী দুর্গার আদলে প্রতিমা তৈরি হবে।