লখনউ: বিএইচইউ গণধর্ষণ মামলায় এবার তৃতীয় অভিযুক্তেরও জামিন মঞ্জুর হল। উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সংসদীয় কেন্দ্র বারাণসীর আইআইটি (বিএইচইউ) ক্যাম্পাসে এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দেশজু্ড়ে নিন্দার ঝড় উঠেছিল। ঘটনার পরপরই জানা যায়, তিন অভিযুক্তই বিজেপির আইটি সেলের সদস্য। মাস চারেক আগে এই মামলায় দুই অভিযুক্ত জামিন পেয়েছিল। সেইসময় তাদের ফুলের মালা দিয়ে বরণের দৃশ্যও সামনে আসে। সোমবার এলাহাবাদ হাইকোর্টে তৃতীয় অভিযুক্ত সক্ষম প্যাটলের জামিনের আর্জি মঞ্জুর হয়েছে। এমন গুরুতর মামলায় অভিযুক্তরা জামিন পেয়ে যাওয়ায় প্রশ্নের মুখে পড়েছে যোগীরাজ্যের পুলিস। বিরোধীদের দাবি, এই ঘটনায় নারী সুরক্ষা নিয়ে বিজেপির ভণ্ডামিই বেআব্রু হয়ে গেল। সেইসঙ্গে তাদের অভিযোগ, অভিযুক্তদের সঙ্গে গেরুয়া দলের তাবড় নেতাদের ছবি রয়েছে। এমন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিস দুর্বল মামলা সাজানোর জন্যই তারা ছাড়া পেয়ে গেল। পুরো ঘটনায় হতাশ নির্যাতিতা। ওই আইআইটি ছাত্রী ছুটি নিয়ে বাড়ি চলে গিয়েছেন।
Advertisement
গতবছরের নভেম্বরে আইআইটি বিএইচইউ চত্বরে ওই ছাত্রীর উপর নির্যাতন চালানো হয়। এরপর অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে টানা বিক্ষোভ দেখান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিষয়টি নিয়ে সরব হয় সমাজবাদী পার্টি ও কংগ্রেস। তারা দাবি করেছিল, শুরু থেকেই অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছে বিজেপি তথা রাজ্যের শাসক দল। চাপের মুখে পড়ে শেষপর্যন্ত দু’মাস পর তিন অভিযুক্ত কুণাল পান্ডে, সক্ষম প্যাটেল ও অভিষেক চৌহানকে গ্রেপ্তার করেছিল যোগীরাজ্যের পুলিস। গত জুলাই মাসে জামিন পায় অভিষেক ও কুণাল। এবার তৃতীয় অভিযুক্তকেও জামিন দেওয়া হল।



