নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: একটি ই-কমার্স সংস্থার অফিসে হানা দিয়ে লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। প্রমাণ লোপাটের জন্য সংস্থার সিসি ক্যামেরার মনিটরিং সিস্টেমের হার্ডডিস্কও চুরি করে নিয়ে গিয়েছে ওই দুষ্কৃতীরা। রবিবার রাতে বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ওই ঘটনা ঘটেছে। সোমবার সকালে কর্মীরা যখন সংস্থার অফিসে আসেন, তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। সংস্থা সূত্রে জানা গিয়েছে, শনি ও রবিবারের বেচাকেনার টাকা সংস্থার লকারে রাখা ছিল। সেই লকার ভেঙেই দুষ্কৃতীরা টাকা নিয়ে গিয়েছে। এদিনই এনিয়ে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিসও তদন্ত শুরু করেছে। সংস্থার দাবি, প্রায় ছ’লক্ষ টাকা লকারে ছিল। যার সবটাই দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে।
Advertisement
সংস্থার এক কর্মী সৌভিক সাহা বলেন, সকালে এসে দেখি সংস্থার শাটারের তালা ভাঙা। দ্রুত ভিতরে ঢুকে দেখতে পাই, সব তছনছ করা হয়েছে। লকার ভেঙে টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। সংস্থার অফিসে সিসি ক্যামেরা আছে। আমরা সেটি পরীক্ষা করতে গিয়ে দেখি, হার্ড ডিস্কও গায়েব হয়ে গিয়েছে। শ্রীরামপুর থানার পুলিস জানিয়েছে, ইতিমধ্যেই সরেজমিন তদন্ত করা হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, সংস্থার লকারে দু’দিনের টাকা ছিল। ওই বিষয়টি কেমন করে দুষ্কৃতীরা জানতে পারল, সেটাও তদন্তের আওতায় রাখা হচ্ছে। তদন্তকারীদের একাংশের আরও দাবি যে, সিসি ক্যামেরা ছবি মজুত রাখার হার্ডডিস্ক দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। ফলে, দুষ্কৃতীদের কাছে সেই তথ্যও যে ছিল, তা পরিষ্কার।



