সম্ভল: বিদ্যুৎ চুরির অভিযোগে এফআইআর সমাজবাদী পার্টির সাংসদের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের দীপা সরাইয়ে নিজের বড়িতেই সম্ভলের সাংসদ জিয়াউর রেহমান বারক বিদ্যুৎ চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। পুলিস জানিয়েছে, শুধু জিয়াউরই নন। তাঁর বাবা মামলুকুর রহমানের বিরুদ্ধেও একই অভিযোগে মামলা দায়ের হয়েছে। রাজ্য বিদ্যুৎ দপ্তরের তরফে এব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের দাবি, জিয়াউরের বাড়ির মিটারে কারচুপি ধরা পড়েছে। সাংসদের বাড়িতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ। বৃহস্পতিবার সকালে বিপুল নিরাপত্তারক্ষীদের নিয়ে সাংসদের বাড়ি হানা দেয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। সাংসদের বাড়ির দু’টি মিটার বাজেয়াপ্ত করে নিয়ে আসা হয়। একইসঙ্গে জিয়াউরের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়।



