Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বাড়িতে উঠোনে খেলতে গিয়ে গভীর কুয়োয় পড়ে মৃত্যু শিশুর

বাড়িতে উঠোনে খেলতে গিয়ে গভীর কুয়োয় পড়ে মৃত্যু শিশুর
  • ৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বাড়ির সামনে খেলতে গিয়ে গভীর কুয়োয় পড়ে মৃত্যু হয়েছে তিন বছরের একটি শিশুর। বুধবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে নিশ্চিন্দার আনন্দনগর এলাকায়। পাম্পের সাহায্যে দীর্ঘক্ষণ ধরে কুয়োর জল বের করার পর শিশুটির দেহ উদ্ধার করেন দমকল কর্মীরা। এই ঘটনায় মানুষ শোকাহত। 
Advertisement
স্থানীয় সূত্রের খবর, নিশ্চিন্দার আনন্দনগরের একটি বাড়িতে স্ত্রী ও তিন বছরের শিশুপুত্র মানুকে নিয়ে ভাড়া থাকেন ধনরাজ সিং। এদিন কাজের সূত্রে তিনি বাইরে যান। বাড়িতে ছিলেন তাঁর স্ত্রী ও পুত্র। দুপুরে বাড়ির সামনের উঠোনে খেলতে খেলতে কুয়োর কাছাকাছি চলে যায় ছেলেটি। কুয়োর উপর ঢাকনা ছিল না। ফলে খোলামুখ কুয়োর ভিতরে আচমকাই পড়ে যায় সে। শিশুটিকে দীর্ঘক্ষণ দেখতে না পেয়ে মায়ের সন্দেহ হয়। এরপরই চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন তিনি। কিছু সময় খোঁজাখুঁজি করতেই শিশুটিকে কুয়োর মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে এবং নিশ্চিন্দা থানায়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। পুলিস জানিয়েছে, প্রায় ৪০ ফুট গভীর থেকে শিশুটিকে উদ্ধার করা সহজ ছিল না। প্রায় ঘণ্টাদেড়েকের চেষ্টায় কুয়োর জল পাম্প দিয়ে বার করা হয় এবং ডুবুরিও নামে। দেহটি উদ্ধার করে দ্রুত নিয়ে যাওয়া হয় বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু সেখানকার ডাক্তার তাকে ‘মৃত’ বলে ঘোষণা করেন। 
সন্তানশোকে মুহ্যমান বাবা-মা কথা বলার মতো পরিস্থিতিতে নেই। স্থানীয় সাঁপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের প্রধান বাবু মণ্ডল বলেন, খবর পেয়েই প্রথমে ডুবুরি নামানোর ব্যবস্থা করি। পাতকুয়োর ভিতরে যাতে ডেঙ্গুর লার্ভা না জন্মায় কিংবা কোনও শিশু পড়ে না যায়, সেজন্য সেগুলো ঢেকে রাখার ব্যাপারে বারবার সচেতন করা হয়। তারপরেও স্রেফ অসচেতনতার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বাসিন্দাদের অনেকেই বলেন, আশেপাশের বেশ কয়েকটি বাড়িতে পাতকুয়ো রয়েছে। কয়েকমাস আগে রাস্তা উঁচু করার ফলে সংলগ্ন পাতকুয়োগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে। এখনই ব্যবস্থা না নিলে আগামী দিনেও বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে।
সম্পর্কিত সংবাদ