চণ্ডীগড়, ২৬ নভেম্বর: সঙ্গীতশিল্পী বাদশার পানশালায় বোমাবাজি। চাঞ্চল্য চণ্ডীগড়ে। গতকাল, সোমবার রাতে চণ্ডীগড়ের সেক্টর ২৬ এলাকায় দুটি পানশালা লক্ষ্য করে ক্রুড বোমা ছোড়ে দুষ্কৃতীরা। যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যদিও এই ঘটনায় কেউ জখম হননি। তবে বোমাবাজির জেরে ওই দুই পানশালার জানলার কাচ ভেঙে গিয়েছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গিয়েছে এক দুষ্কৃতী ওই দুই পানশালা লক্ষ্য করে বোমা ছুড়ে এলাকা থেকে পালিয়ে যাচ্ছে। বোমাবাজির খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। ওই দুই পানশালার মধ্যে একটির মালিক হলেন সঙ্গীতশিল্পী বাদশা। পুলিসের অনুমান, তোলাবাজি সংক্রান্ত বিষয়েই এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। তবে শোনা যাচ্ছে, দুই পানশালার মালিকপক্ষের মধ্যে দীর্ঘদিনের বচসার জেরেই নাকি এই হামলা হয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে পুলিস। সূত্রের খবর, বিষয়টি নিয়ে বাদশাকেও জিজ্ঞাসাবাদ করা হবে। গতবছরের ডিসেম্বর মাসে ওই এলাকায় পানশালাটি খোলেন বাদশা। একই সঙ্গে চণ্ডীগড়ে আরও দুটি রেস্তোরাঁ খুলেছিলেন তিনি।



