Bartaman Logo
২৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিদেশের ধাঁচে ‘ফ্যাম ট্রিপ’ এবার বাংলাতেও,  বিশেষজ্ঞরা ঘুরে দেখবেন রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি

বিদেশের ধাঁচে ‘ফ্যাম ট্রিপ’ এবার বাংলাতেও,  বিশেষজ্ঞরা ঘুরে দেখবেন রাজ্যের পর্যটন কেন্দ্রগুলি
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
প্রীতেশ বসু, আলিপুরদুয়ার: ‘অফবিট ডেস্টিনেশন’—পর্যটন শিল্পে শব্দটি বর্তমানে বহুল প্রচলিত। পুজো হোক বা গরমের ছুটি, কিংবা সপ্তাহান্তে বেড়াতে যাওয়ার জন্য এখন নিত্যনতুন পর্যটনস্থলের মরিয়া খোঁজ চালান বহু মানুষ। ‘অফবিট ডেস্টিনেশন’-এর চাহিদা বৃদ্ধির কারণে কোলাহলমুক্ত, নিস্তব্ধ পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট ছোট গ্রামগুলিও জোর টক্কর দিচ্ছে দার্জিলিং-ডুয়ার্সের সুপরিচিত মূল পর্যটন কেন্দ্রগুলিকে। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে গড়ে উঠছে একের পর এক হোমস্টে। শুধুমাত্র উত্তরবঙ্গেই এখন রাজ্য সরকার অনুমোদিত হোমস্টের সংখ্যা দু’হাজারের বেশি। প্রশাসনিক মহলের মতে, পর্যটকরা এই নতুন ঠিকানাগুলি পছন্দ করছেন বলেই হোমস্টে ক্রমাগত শিল্পে পরিণত হচ্ছে। সেই সঙ্গে পর্যটন কেন্দ্রগুলিতে অত্যাধুনিক প্রেক্ষাগৃহ, উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ নানা পরিকাঠামো গড়ে তুলছে রাজ্য সরকার। এসবের সমন্বয়ে রাজ্যের পর্যটন কেন্দ্রগুলিতে ভিড় বাড়ছে। পর্যটনের এই অগ্রগতি বিশ্বের দরবারে তুলে ধরতে ফেব্রুয়ারি থেকে বাংলাতেও দেশ-বিদেশের পর্যটকদের নিয়ে ‘ফ্যাম ট্রিপ’ বা ফ্যামিলিয়ারাইজেশন ট্রিপের আয়োজন করা হচ্ছে বলে খবর। উত্তরবঙ্গ থেকেই এই পর্ব শুরু করতে চায় রাজ্য। 
Advertisement
‘ফ্যাম ট্রিপ’ বিষয়টি ঠিক কী? প্রশাসনিক কর্তারা জানাচ্ছেন, মূলত প্রচারের লক্ষ্যে পর্যটনের নতুন কোনও জায়গা বা পরিকাঠামো দেশ-বিদেশের পর্যটন বিশেষজ্ঞ এবং সংস্থার প্রতিনিধিদের ঘুরিয়ে দেখানো এবং তাঁদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের ব্যবস্থা করে দেওয়াই এই ধরনের ট্রিপের উদ্দেশ্য। বিশেষজ্ঞ ও পর্যটন সংস্থার প্রতিনিধিরা ফিরে গিয়ে যাতে ওই এলাকার বিশেষত্ব সম্পর্কে অন্যদের আগ্রহী করে তুলতে পারেন, সেই লক্ষ্যেই ফ্যাম ট্রিপ আয়োজন করা হয়। আর্জেন্টিনা, ইউরোপের একাধিক দেশ, দুবাই, থাইল্যান্ডে এই ধরনের ফ্যাম ট্রিপের হাত ধরেই পর্যটন শিল্পে জোয়ার এসেছে বলে মনে করেন অনেকে। 
আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি রাজ্যে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। পর্যটন শিল্পে জোয়ার আনতে সেখানে পর্যটন দপ্তরের তরফে একটি কনক্লেভ আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানেই এ বিষয়ে আলোচনার হতে পারে বলে সূত্রের খবর। তারপরেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এই ‘ফ্যাম ট্রিপ’ চালুর পরিকল্পনা রয়েছে। মূলত, ইন্ডিয়ান কনফারেন্স প্রমোশন ব্যুরো এক্ষেত্রে রাজ্যকে সহযোগিতা করবে বলে জানা গিয়েছে। রাজ্যের এক আধিকারিক জানান, ‘বাংলায় গত কয়েক বছরে পর্যটনের অত্যাধুনিক পরিকাঠামো গড়ে উঠেছে। ফ্যাম ট্রিপের ফলে এসব জায়গায় বড় আকারে কনফারেন্স, সেমিনার ইত্যাদি আয়োজিত হবে। বাড়বে এসব পরিকাঠামো ব্যবহারের ঝোঁকও। সামগ্রিকভাবে এর ইতিবাচক প্রভাব পড়বে গোটা এলাকায়। বাড়বে হোমস্টেগুলির চাহিদাও। 
Advertisement
সম্পর্কিত সংবাদ