Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাঁধের পাঁচটি ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ী মেরামতির উদ্যোগ

বাঁধের পাঁচটি ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ী মেরামতির উদ্যোগ
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: গত বছরই আরামবাগ মহকুমার পাঁচটি জায়গায় নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল এলাকা। ভাঙা বাঁধ দিয়ে যাতে ফের এলাকায় জল না ধুকে পড়ে সেইজন্য প্রাথমিক মেরামতির কাজ করেছিল সেচদপ্তর। এবার সেই পাঁচটি জায়গায় স্থায়ীভাবে পাকাপোক্ত বাঁধ তৈরি হবে বলে সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে। সংশ্লিষ্ট পাঁচটি জায়গা রয়েছে দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরী ও রূপনারায়ণের উপর। সেখানে নতুন বাঁধ তৈরিতে ছ’ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। দ্রুত কাজ শুরুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেচদপ্তরের হুগলি জেলার এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবেন্দ্র সিংহ বলেন, পাঁচটির মধ্যে চারটি জায়গায় প্রাথমিক মেরামতির কাজ করা হয়েছিল। এবার পাঁচটি স্পটেই স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই ই-টেন্ডার করে কাজ শুরু হবে। এই ব্যাপারে রাজ্য ছ’ কোটি টাকা বরাদ্দ করে প্রকল্পগুলির অনুমোদন দিয়েছে। তার চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন। সেচদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে আরামবাগ মহকুমায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। অতি বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলের মহকুমার একাধিক জায়গায় নদী বাঁধ ভেঙে যায়। তার জেরে কৃষিজমির পাশাপাশি পাকা ঘরবাড়িও ভেসে যায়। দুর্গতরা শেষ সম্বলটুকুও বাড়ি থেকে নিয়ে আসতে পারেননি। সেগুলির মধ্যে রয়েছে খানাকুলের তালিত, বন্দিপুর, খুঁটে পাড়া ও বেরা পাড়া। এছাড়া পুরশুড়ার কাঁদিপুরেও ভেঙে যায় বাঁধ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ