সংবাদদাতা, উলুবেড়িয়া: এক বধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়েছে বাগনান থানার খাদিনান ঘাট এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম মেহেরুন খাতুন (২৩)। তাঁর পরিবারের সদস্যদের অভিযোগ, মেহেরুনকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকেরা। তাঁরা মৃত বধূর স্বামী সহ ছয়জনের বিরুদ্ধে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে বাগনান থানার পুলিস মৃতার শাশুড়ি নুরজাহান বেগম, ভাশুর শেখ সুলতান ও ননদ তনুজা বেগমকে গ্রেপ্তার করেছে। ধৃতদের রবিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বাগনান থানার পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে। একটি খুনের মামলা রুজু করে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর চার আগে উলুবেড়িয়া থানার কালীনগর জগদীশপুরের বাসিন্দা মেহেরুনের সঙ্গে বাগনান খাদিনান ঘাট এলাকার বাসিন্দা পেশায় জরির কারিগর সেখ ইনজামুলের বিয়ে হয়। তাদের তিন বছরের একটি ছেলেও আছে। মৃত বধূর আত্মীয়দের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকা পয়সা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি হতো। ইনজামুল কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন। জানা গিয়েছে, অশান্তির কারণে দিনচারেক আগে মেহেরুন বাপের বাড়ি চলে এসেছিলেন। শনিবার বেলা সাড়ে ১২টা নাগাদ তিনি শ্বশুরবাড়িতে ফিরে আসেন। এরপর দুপুরে খাওয়া-দাওয়া সেরে ছেলেকে নিয়ে নিজের ঘরে ঢুকে পড়েন। কিন্তু বিকেলেও তাঁর কোনও সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন মেহেরুনের ঘরে ঢুকে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন। পরে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
রাতেই মৃত বধূর পরিবারের পক্ষ থেকে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিস তিনজনকে গ্রেপ্তার করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, একটি খুনের মামলা রুজু হয়েছে। তাতে তিনজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের ও গ্রেপ্তার করা হবে।
রাতেই মৃত বধূর পরিবারের পক্ষ থেকে বাগনান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিস তিনজনকে গ্রেপ্তার করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, একটি খুনের মামলা রুজু হয়েছে। তাতে তিনজন গ্রেপ্তার হয়েছে। বাকিদের ও গ্রেপ্তার করা হবে।



