Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বিধানসভা নির্বাচনে লিড বাড়াতে সাংগঠনিক শক্তিতে জোর তৃণমূলের

বিধানসভা নির্বাচনে লিড বাড়াতে সাংগঠনিক শক্তিতে জোর তৃণমূলের
  • ২৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, সিউড়ি: লোকসভা নির্বাচনের পর বিধানসভায় আরও লিড বাড়াতে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিশেষ জোর দিচ্ছে সিউড়ি-২ ব্লকের তৃণমূল নেতৃত্ব। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই গ্রামে গ্রামে দলের বর্ধিত কর্মিসভায় ভিড় জমাচ্ছেন কর্মী-সমর্থকরা। প্রতিদিনই সিউড়ি-২ ব্লকের বিভিন্ন গ্রামে সন্ধ্যায় এলাকার বাসিন্দাদের নিয়ে বর্ধিত সভা করা হচ্ছে। তাছাড়া অনুব্রত মণ্ডল ফিরে আসায় বাড়তি অক্সিজেন ফিরে পেয়েছেন দলের নেতা-কর্মীরা। এই ব্লকের কোমা পঞ্চায়েতের জানুরি, কাঁসপাই, কেন্দুয়া পঞ্চায়েতের কুলেরা, মোনপুর, মালিহা, জামোল খোসনাতোর, অবিনাশপুর পঞ্চায়েতের ইমাদপুর, পুরন্দরপুর সহ একাধিক জায়গায় গত কয়েকদিন ধরে চলছে বর্ধিত কর্মিসভা।  
Advertisement
সিউড়ি-২ নম্বর ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, গত বিধানসভা নির্বাচনে এই ব্লক থেকে ১১ হাজার ভোটের লিড ছিল। সেই লিড লোকসভা নির্বাচনে বেড়ে হয়েছে ২৮ হাজার। ফলে, দলের সংগঠনকেই মজবুত রাখতে লাগাতার বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকছেন দলের তৃণমূল স্তরের কর্মী-সমর্থকরা। তাই আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার গ্রামে গ্রামে চলছে বর্ধিত কর্মিসভা। 
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, এই সভাগুলিতে স্থানীয় নেতারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরছেন। পাশাপাশি এলাকার কোনও মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তাও দেখা হচ্ছে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও সুবিধা অসুবিধার কথা শুনছেন পঞ্চায়েত ও বুথ স্তরের জনপ্রতিনিধিরা। 
উল্লেখ্য, যেকোনও নির্বাচনে প্রথম এই ব্লক থেকেই প্রচার শুরু করেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনেক আগে থেকেই তিনি প্রচার শুরু করে দেন। এখন ফের তিনি জেলার রাজনৈতিক ময়দানের হাল ধরেছেন। তাই আশা করা যায় আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ব্লক থেকেই হয়তো তিনি সেই প্রচার শুরু করবেন। আর সেই কারণেই এই ব্লকের সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করতে এই বর্ধিত সভার কর্মসূচি নেওয়া হয়েছে বলে তৃণমূলের দাবি। 
সিউড়ি-২ ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম বলেন, আমরা সারাবছরই এলাকার মানুষদের সঙ্গে থাকি। এই ব্লকে দলের কর্মীরাও বিভিন্ন কর্মসূচির মধ্যে থাকেন। সেই কর্মসূচিরই একটি হল এই বর্ধিত সভা। এই সভায় আমরা স্থানীয় মানুষের সুবিধা অসুবিধার কথা শোনার সুযোগ পাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ