Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বধূকে খুনের অভিযোগে উত্তেজনা

বধূকে খুনের অভিযোগে উত্তেজনা
  • ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নবদ্বীপ: স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে এক গৃহবধূকে। সোমবার সকালে এই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল নবদ্বীপের বাহিরচড়া গ্রামে। মৃত গৃহবধুর নাম ভাদু বিবি (২৬)। মৃতের স্বামী ও শ্বশুরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিস। নবদ্বীপ ব্লকের ফকিরডাঙা–ঘোলাপাড়ার পঞ্চায়েতের বাহিরচড়া গ্রামের ভাদু বিবির অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানার পুলিস। পুলিসকে ঘিরে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এরপর মৃত বধূর পরিবারের পক্ষ থেকে তাঁর স্বামী শরিফুল শেখ, শ্বশুর সাবু হোসেন শেখ ও শাশুড়ি মমতাজ বিবির বিরুদ্ধে নবদ্বীপ থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। 
Advertisement
কোতোয়ালি থানার ভালুকা হাটডাঙার বাসিন্দা মৃতের বাবা ময়েজ শেখের অভিযোগ, আট বছর আগে বাহিরচড়া গ্রামের শরিফুল শেখের সঙ্গে তাঁর মেয়ে ভাদু খাতুনের বিয়ে হয়। এই বিয়েতে পাত্রপক্ষের চাহিদা মতো দানসামগ্রীও দেওয়া হয়। দম্পতির ছ’ বছরের একটি ছেলে ও চার বছরে একটি মেয়ে আছে। অভিযোগ, কন্যা সন্তান হওয়ার পর থেকেই স্ত্রীর উপর অতিরিক্ত পণের জন্য অমানবিক অত্যাচার এবং মারধর করত শরিফুল ও তার বাবা-মা। এমনকী ভাদুকে সন্তান সহ বাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়। পরবর্তী সময়ে ভাদু, শরিফুলের বিরুদ্ধে নবদ্বীপ আদালতে একটি মামলা দায়ের করে। গত ১৩ ফেব্রুয়ারি শরিফুল শেখ, তার বাবা ও মা ভাদুকে নানা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শান্তিপূর্ণভাবে ঘর সংসার করবে বলে ফিরিয়ে নিয়ে যায়। তারপরেই ভাদু জানতে পারে, শরিফুলের সঙ্গে এক বিবাহিত মহিলার অবৈধ সম্পর্ক রয়েছে। বিষয়টি ভাদু বলার পর শরিফুল অন্য মহিলার সঙ্গে সম্পর্ক না রাখার প্রতিশ্রুতি দেয়। 
ময়েজ শেখের অভিযোগ, সোমবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ মেয়ের শ্বশুরবাড়ির সামনে বহু লোকের ভিড় দেখে তিনি শরিফুলের বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, ভাদু মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। তাঁর জিভ মুখ থেকে অনেকটা বেরিয়ে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের থেকেই তিনি জানতে পারেন, তাঁর মেয়ের উপর স্বামী, শ্বশুর-শাশুড়ি সারারাত ধরে অমানবিক অত্যাচার চালিয়েছে। ময়েজ বলেন, আমার ধারণা শরিফুলের অবৈধ সম্পর্কের কারণে আমার মেয়েকে শ্বাসরোধ করে নৃশংসভাবে খুন করেছে।
নবদ্বীপ থানার আইসি জলেশ্বর তেওয়ারি বলেন, বধূর স্বামী এবং শ্বশুরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ