নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খেতে বসে ভাতের থালাতেই লুটিয়ে পড়লেন এক বৃদ্ধা। ১০০ ডায়ালে খবর পেয়ে পুলিস ওই বৃদ্ধাকে উদ্ধার করে বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম কণিকা সান্যাল (৭১)। মঙ্গলবার রাত সাড়ে ১১টা নাগাদ এই ঘটনা ঘটে নেতাজিনগর থানা এলাকার রিজেন্ট পার্ক সার্কাস অ্যাভিনিউতে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, কণিকাদেবীর পরিচারিকা তাঁকে খাবার খেতে দেন। খেতে বসে থালাতেই লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনায় কণিকাদেবীর পরিচারিকা ও ঘটনার সময় বাড়িতে আসা এক ডেলিভারি এজেন্টকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।



