নয়াদিল্লি: বিদ্বেষমূলক মন্তব্যের গুরুতর অভিযোগ! এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত বিচারপতি শেখরকুমার যাদবের ইমপিচমেন্টের দাবিতে শুক্রবার নোটিস জমা পড়ল রাজ্যসভায়। তাতে সই করেছেন কপিল সিবাল, পি চিদম্বরম, সাকেত গোখলে, দিগ্বিজয় সিং সহ ৫৫ জন বিরোধী এমপি। ‘বিদ্বেষমূলক মন্তব্য ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিতে প্ররোচনা’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে বিচারপতির বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতে ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে সুপ্রিম কোর্ট। বিষয়টি নিয়ে এর আগেও সংসদের অভ্যন্তরে সরব হয়েছিলেন বিরোধী দলের সদস্যরা।
Advertisement
এমপিদের সই করা ২১ পৃষ্ঠার নোটিসে বলা হয়েছে, উনি সংখ্যালঘুদের আক্রমণ করেছিলেন। ভিএইচপির অনুষ্ঠানে বিচারপতি যাদবের সেই ভাষণই এর প্রাথমিক প্রমাণ। এমনকী সংখ্যালঘুদের প্রতি তাঁর ভিত্তিহীন ও পক্ষপাতমূলক মনোভাবও প্রকাশ পেয়েছে সেদিনের ভাষণে। গত ৮ ডিসেম্বর প্রয়াগরাজে বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে বিচারপতি বলেছিলেন, ‘এটা হিন্দুস্তান। হিন্দুস্তানে বসবাসকারী সংখ্যাগুরু সম্প্রদায়ের ইচ্ছা অনুযায়ী চলবে দেশ।’ এমনকী অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে সওয়াল করতে গিয়ে সংখ্যালঘুদের বিভিন্ন আইনের প্রসঙ্গ তোলেন তিনি। বিরোধী সাংসদদের অভিযোগ, রাজনৈতিক বিষয়ে প্রকাশ্যে ব্যক্তিগত মতামত জানিয়ে লক্ষ্মণরেখা অতিক্রম করেছেন এলাহাবাদ হাইকোর্টের এই বিচারপতি। কোনও কট্টরপন্থী গোষ্ঠী বা দলের সঙ্গে বিচারপতির যুক্ত থাকার কোনও যুক্তি থাকতে পারে না। নোটিসটি গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্যও রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আবেদন জানানো হয়েছে।



