নিজস্ব প্রতিনিধি, বারাসত ও সংবাদদাতা, বসিরহাট: বাড়িতে তিন বছরের মেয়েকে নিয়ে একাই ছিলেন গৃহবধূ। স্বামী গিয়েছিলেন বাইরে কাজের জন্য। আর সেই সুযোগে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বাদুড়িয়া থানার পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম তাজু মণ্ডল (৩০)। বাকি অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিস। তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে পুলিসের তরফে জানানো হয়েছে। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়া থানা এলাকার এক গৃহবধূ বুধবার রাতে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে এগারোটা নাগাদ পড়শি বেশ কয়েকজন যুবক তাঁর বাড়িতে এসে ডাকাডাকি করে। মহিলা বাড়ির দরজা খুলতেই মুখে মাস্ক পরা যুবকরা তাঁকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। মহিলার স্বামী রাতে বাড়িতে ফিরে গোটা বিষয়টি জানতে পারেন। খবর দেওয়া হয় বাদুড়িয়া থানায়। পুলিস এসে অসুস্থ মহিলাকে উদ্ধার করে বাদুড়িয়া হাসপাতালে ভর্তি করে। মহিলার সঙ্গে কথা বলার পরই তাজু মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার ধৃত তাজুকে বসিরহাট আদালতে তোলা হলে সাতদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আজ, শুক্রবার নির্যাতিতার গোপন জবানবন্দি নেওয়া হবে আদালতে। এনিয়ে বসিরহাট পুলিস জেলার সুপার হোসেন মেহেদি রহমান বলেন, ‘পরিবারের তরফে গণধর্ষণের অভিযোগ হয়। রাতেই মহিলাকে জিজ্ঞাসা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আমরা চিহ্নিত করেছি। দ্রুত বাকিদের গ্রেপ্তার করা হবে।’



