সংবাদদাতা, বসিরহাট: গ্রাম পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ। এর ফলে বন্ধ হয়ে গিয়েছে এলাকার জল নিকাশি ব্যবস্থা। বর্ষা হলেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকার বেশ কিছু বাড়ি। বিপাকে পড়েছেন সেখানকার বাসিন্দারা। সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কোনও কাজ হয়নি বলে জানাচ্ছেন বাদুড়িয়ার জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দিয়াড়া ১৫৫ নম্বর বুথ এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘকাল ধরে উত্তর দিয়াড়া মৌজায় ৩৮৩ দাগে একটি পুকুর রয়েছে। সেই পুকুরই ভরাট করে গ্রাম পঞ্চায়েত সদস্যা সোনালি গাইন বাড়ি তৈরি করেছেন। এনিয়ে বাদুড়িয়া থানা এবং ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবুও কোনও সুরাহা হয়নি। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য সোনালি গাইন কোনও মন্তব্য করতে চাননি। জগন্নাথপুর পঞ্চায়েতের প্রধান রীতা মণ্ডল বলেন, বিষয়টি নিয়ে খোঁজখবর নেব। ওই এলাকায় জল জমা নিয়ে সমস্যারও দ্রুত সমাধান করব।



