নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: মঙ্গলবার বিচারক না আসায় মণীশ শুক্লা খুনের মামলায় সাক্ষ্যদান পর্ব শুরু হল না। প্রথম সাক্ষ্য দেওয়ার কথা ছিল মণীশের বাবা ডাঃ চন্দ্রমণি শুক্লার। বিচারক অনুপস্থিত থাকায় আদালতে এসেও ফিরে যেতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ডাঃ শুক্লা। তিনি বলেন, স্বর্ণ ব্যবসায়ীর ছেলে খুন হওয়ার এক বছরের মধ্যে রায়দান হয়ে গেল, অথচ আমার ছেলের খুনের চার বছর পরেও সাক্ষ্যদান পর্ব শুরু হল না। বিচারে গতি আনতে এবার আমাকে হাইকোর্টে পিটিশন করতে হবে। ইতিমধ্যে তিনি বারাকপুরের বাইরের কোনও সরকারি আইনজীবীকে এই মামলায় যুক্ত করার জন্য এলআর’কে আবেদন করেছেন। এ ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমান সরকারি আইনজীবী অশোক সিংহ রায় জানিয়েছেন, বারাকপুর আদালতে মামলার চাপ বেশি। তাঁকে একজন সহযোগী পিপি দিলে ভালো হয়। ৬ জানুয়ারি মামলার পরবর্তী দিন। এই মামলায় অভিযুক্তদের অধিকাংশই বিহারের বেউড় জেলে বন্দি ছিল। তাদের বিরুদ্ধে এছাড়াও বিভিন্ন মামলা রয়েছে। তাদের নিয়ে আসতেই অনেক সময় লেগে গিয়েছে।



