নয়াদিল্লি: ‘ব্রেইন রট’। এই শব্দ বন্ধনীই জিতে নিল অক্সফোর্ডের ‘ওয়ার্ড অব দ্য ইয়ার ২০২৪’-এর শিরোপা। কিন্তু, কী এর অর্থ? কেনই বা এই শিরোপা পেল ১৮৫৪ সালে প্রথম রেকর্ড করা এই শব্দ? কোনও কারণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা কাটানো যদি কারও দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে, তখন তাঁর মানসিক অবস্থাকে ‘ব্রেইন রট’ বলে। ১৮৫৪ সালে প্রথম বার রেকর্ড হলেও ২০২৩-৩৪ সালের মধ্যে এর ব্যবহার ২৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত নিম্নমানের কনটেন্ট দেখার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রায় এই শব্দ ব্যবহার করা হয়। গতবছর বহুল ব্যবহৃত বা চর্চিত ছ’টি শব্দকে প্রাথমিকভাবে বেছে নিয়েছিল অক্সফোর্ডের ভাষাবিদরা। তারমধ্যে ‘ব্রেইন রট’কে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের বিচারে ‘ওয়ার্ড অব দ্যা ইয়ার’ হিসেবে বেছে নেওয়া হয়েছে।



