Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বছরের শেষ সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ ছাত্রী

বছরের শেষ সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বেরিয়ে নিখোঁজ ছাত্রী
  • ৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষদিন দুপুরে বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে মেতেছিল অষ্টম শ্রেণির পড়ুয়া। বিকেলের মধ্যেই ঘরে ফেরার কথা ছিল তার। কিন্তু, সে আর ফেরেনি। দু’দিন কেটে গেলেও তার সন্ধান মেলেনি। বর্ষবরণের সন্ধ্যায় ১৪ বছর বয়সি ছাত্রীর আকস্মিক অন্তর্ধানে দানা বেঁধেছে রহস্য। ওইদিন রাতেই বাঁশদ্রোণী থানায় মিসিং ডায়েরি করেন নাবালিকার অভিভাবক। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। লালবাজার সূত্রের খবর, সম্ভাব্য সব জায়গা খুঁজে দেখা হচ্ছে। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও নজর রাখছে পুলিস। 
Advertisement
বাঁশদ্রোণী থানা এলাকার ব্রহ্মপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা এই নাবালিকা। অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তাই বর্ষশেষে বন্ধুদের সঙ্গে আনন্দ করার প্ল্যান ছিল তার। সেই মতো দুপুরে মোবাইল নিয়েই বাড়ি থেকে বেরিয়েছিল। নিখোঁজের পরিবারের দাবি, তার পরনে ছিল গোলাপি রঙের জ্যাকেট ও প্যান্ট। দেরি দেখে সন্ধ্যা ৭টা নাগাদ তাকে ফোন করেন মা। কিন্তু সে ফোন ধরেনি। ফলে চিন্তা বাড়ে পরিবারের। আধঘণ্টার মধ্যে আরও দু’বার ফোন করা হয়। উল্টোদিক থেকে শোনা যায় ‘সুইচড অফ’। আত্মীয়দের ফোন করে জানা যায়, সেখানে যায়নি সে। নাবালিকার এক বান্ধবীর সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। তখন জানতে পারেন, বাড়ি ফিরবে বলে বিকেলের আগেই সে চলে গিয়েছে। 
বাড়ি না ফিরে কিশোরী তাহলে কোথায় গেল? বিপদ বুঝে থানার দ্বারস্থ হন নিখোঁজের মা-বাবা। অভিযোগের ভিত্তিতে মিসিং ডায়েরি করে তদন্ত শুরু করে পুলিস। পুলিসের দাবি, কিশোরীর মোবাইল টাওয়ারের লোকেশন খতিয়ে দেখা হচ্ছে। বাঁশদ্রোণীর কাছে একটি জায়গায় তার মোবাইল সুইচড অফ হয়ে যায়। তারপর প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও সেই ফোন আর ‘অন’ হয়নি। সোশ্যাল মিডিয়াতেও কোনও ক্লু খুঁজে পায়নি পুলিস। মোবাইল লোকেশন শেষ যে জায়গায় মিলেছে, সেখানকার আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছেন তদন্তকারীরা। কিন্তু, কোনও ফুটেজেই নাবালিকাকে দেখা যায়নি বলে খবর।
নাবালিকার মোবাইলের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। অন্তর্ধান রহস্যের নেপথ্যে কোনও সম্পর্ক বা প্রেমের যোগ রয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে। 
সম্পর্কিত সংবাদ