Bartaman Logo
২৭ মে, ২০২৬

বাড়ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনায় অর্থ সাহায্যের অঙ্ক

বাড়ছে না প্রধানমন্ত্রী আবাস যোজনায় অর্থ সাহায্যের অঙ্ক
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সহায়তা বাড়ছে না। সূত্রের খবর, এই প্রকল্পে উপভোক্তাদের কেন্দ্রীয় সহায়তার অঙ্ক বাড়িয়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা করার জন্য গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল অর্থমন্ত্রকে। কিন্তু আর্থিক সঙ্কট ও বিপুল বোঝার কথা মাথায় রেখে নর্থ ব্লক সেই প্রস্তাবে সায় দেয়নি।
Advertisement
গত আগস্ট মাসেই মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী পাঁচ বছরে আরও দু’কোটি আবাস নির্মাণ করা হবে। বর্তমানে আবাস যোজনায় সমতলে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং উত্তর-পূর্ব ভারত ও পার্বত্য এলাকায় ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা করে কেন্দ্র। মূল্যবৃদ্ধির জেরে বাড়ি নির্মাণের খরচ অনেকটা বেড়ে গিয়েছে। যে কারণে দেশজুড়ে দাবি উঠেছিল যে এবার বাড়ানো হোক বরাদ্দ। তা অন্তত দেড় লক্ষ টাকা করা হোক। 
এদিকে, নতুন দ্বিতীয় দফার আবাস যোজনায় ফেস রেকগনিশন ব্যবস্থার পাশাপাশি অনলাইন অথেনটিকেশন ব্যবস্থা চালু হয়েছে। একটি বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। স্মার্ট ফোনে ডাউনলোপ করতে হবে। এরপর সেই অ্যাপের মাধ্যমে আবেদন করার পাশাপাশি যার নামে বাড়ির আবেদন করা হচ্ছে, তার পরিচয়ের প্রমাণও ওই অ্যাপেই আপলোড করতে হবে। ১৯ নভেম্বর পর্যন্ত ৩ কোটি ২১ লক্ষ বাড়ি নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি বিবৃতি অনুযায়ী ভারতে যত বাড়ি অনুমোদিত হয়েছে, তার ৭৪ শতাংশই মহিলাদের মালিকানায় বরাদ্দ করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ