Bartaman Logo
২৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যাম্পাসের মধ্যেই মারধর ও র‍্যাগিং বিসিএ পড়ুয়াকে, গ্রেপ্তার অভিযুক্ত ৫ ছাত্র

সল্টলেক সেক্টর ফাইভে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এক বিসিএ পড়ুয়াকে মারধর ও র‌্যাগিংয়ের অভিযোগ উঠল।

ক্যাম্পাসের মধ্যেই মারধর ও র‍্যাগিং বিসিএ পড়ুয়াকে, গ্রেপ্তার অভিযুক্ত ৫ ছাত্র
  • ১৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সল্টলেক সেক্টর ফাইভে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে এক বিসিএ পড়ুয়াকে মারধর ও র‌্যাগিংয়ের অভিযোগ উঠল। তাঁর শরীরে সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয় বলে অভিযোগ। ওই ঘটনায় কলেজের পাঁচজন অভিযুক্ত ছাত্রকে গ্রেপ্তার করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এই ঘটনায় আক্রান্ত পড়ুয়া মানসিকভাবে ভেঙে পড়েছেন। কারণ, শারীরিক অত্যাচারের সঙ্গে তাঁকে মানসিকভাবেও হেনস্তা করা হয়েছে। নিজের কলেজ ক্যাম্পাসেই তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর নিরাপত্তা যাতে সুরক্ষিত হয়, সে ব্যাপারে তিনি পুলিশের কাছে আরজি জানিয়েছেন।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৯ জুন। অভিযোগকারী প্রথম বর্ষের বিসিএ’র ছাত্র। ঘটনাটির সূত্রপাত হয় ২৫০০ টাকা নিয়ে। তিনি ওই টাকা তাঁর প্রাক্তন রুমমেটকে ধার দিয়েছিলেন। অভিযোগ, ৯ জুন তিনি ওই টাকা ফেরত চান। তাতে ক্ষিপ্ত হয়ে ওঠে ধার নেওয়া ছাত্র। সে এবং আরও কয়েকজন মিলে কলেজ চত্বরে ওই পড়ুয়াকে ঘিরে ধরে। তারপর শৌচাগারে কলার ধরে নিয়ে গিয়ে মারধর করে। অভিযুক্তরা তাঁকে জোর করে গাঁজা সেবন করানোরও চেষ্টা করে। তিনি রাজি না হওয়ায় তাঁকে মারা হয়। এমনকি, গাঁজা ভরতি জ্বলন্ত সিগারেট দিয়ে ছ্যাঁকাও দেওয়া হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, অভিযুক্তরা তাঁর আইফোন, মানিব্যাগ এবং চাবি কেড়ে নেয়। পরে বেল্ট দিয়ে মারধর করে। মানিব্যাগ থেকে আরও ২৭০০ টাকা নিয়ে নেওয়া হয়। তাঁকে জোর করে আইফোন আনলক করিয়ে বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনও দেখাতে বলা হয়। শেষে আইফোনটি দেওয়ালে আছড়ে ভেঙে ফেলা হয়। আক্রান্ত পড়ুয়া ৯ জুন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ নথিভুক্ত হওয়ার পর সাক্ষীদের বয়ানের ভিত্তিতে এফআইআরে নাম থাকা পাঁচজনকে আটক করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে চারজন প্রথম বর্ষের ছাত্র এবং একজন সিনিয়র ছাত্র রয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ