নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এন আর এস হাসপাতালের সামনে থেকে ধৃত বাংলাদেশি তরুণী বাবা-মার নির্যাতনের কারণে কাঁটাতারের বেড়া টপকে চলে এসেছিল এদেশে। মাস চারেক আগে তাকে এখানে আসতে সাহায্য করে বরিশালে থাকা এক আত্মীয়। ওই আত্মীয় তরুণীকে মুম্বইয়ে নিয়ে গিয়ে পরিচারিকার কাজে ঢুকিয়ে দিয়ে ফের ফিরে যায় বাংলাদেশে। ধৃত বাংলাদেশি তরুণীকে জিজ্ঞাসাবাদ করে তা জেনেছে পুলিস। অভিযুক্ত পুলিসকে জানিয়েছে, মুম্বইয়ে যে বাড়িতে কাজ করত সেখানে তার উপর অত্যাচার করা হয়। তখন সে সিদ্ধান্ত নেয় কলকাতায় ফিরে আবার বাংলাদেশে চলে যাবে। সেই কারণে ট্রেন ধরে শিয়ালদহ নামে। সেখানে বসিরহাট সীমান্ত যাওয়ার জন্য বাসের খোঁজ করছিল। এই সময় তার সঙ্গে এক যুবকের পরিচয় হয়। সমস্ত কথা জানানোর পরই ওই যুবক পুলিসকে ফোন করে গোটা বিষয়টি জানান। এন্টালি থানা তাকে গ্রেপ্তার করে। রবিবার অভিযুক্তকে শিয়ালদহ আদালতে তোলা হলে সরকারি আইনজীবী জানান ওই তরুণী কোনও নথি ছাড়াই ভারতে এসেছিল। অভিযুক্তের তরফে কোনও আইনজীবী ছিলেন না। আদালত তাকে ১৮ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠায়।।



