নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার অশোকনগরের হরিপুর মাঠে শুরু হল অশোকনগর উৎসব ও জেলা গ্রন্থমেলা। এদিন বিকেলে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার, জেলাশাসক শরদকুমার দ্বিবেদী, অতিরিক্ত জেলাশাসক মণীশ মিশ্র, সভাধিপতি নারায়ণ গোস্বামী, গিল্ডের পক্ষে ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় প্রমুখ। এবার তৃতীয় বর্ষে অশোকনগর উৎসবে বিভিন্ন খাবারের দোকানের পাশাপাশি রয়েছে পুষ্প, সব্জি প্রদর্শনীও। এছাড়া ১৯ জানুয়ারি পর্যন্ত রোজ বিকেলে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।
Advertisement
এদিকে, জেলা গ্রন্থাগার দপ্তরের উদ্যোগে এদিন হরিপুর মাঠেই শুরু হল জেলা গ্রন্থমেলা। মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। তাই গ্রন্থমেলার উদ্বোধনে এই দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি বলেন, জনশিক্ষা প্রসার দপ্তর মানুষকে বইমুখী করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এক্ষেত্রে কর্মসংস্থানের উপর জোর দিচ্ছি আমরা। তাই প্রতিটি পঞ্চায়েত, পুরসভার উচিত বই কেনা। তাহলে সকলের চেষ্টা সফল হবে। অন্যদিকে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বই হল মানুষের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। আর স্বামীজি হলেন দেশের অন্যতম সেরা সন্তান। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, ভারতকে জানতে হলে বিবেকানন্দকে পড়া উচিত। বিশেষ করে আজকের দিনে ভারতকে জানতে, বুঝতে স্বামীজির আদর্শ খুবই প্রাসঙ্গিক। এদিন দুপুর থেকেই অশোকনগর উৎসব ও গ্রন্থমেলা প্রাঙ্গণে মানুষের ভিড় ছিল থিকথিকে। বই কিনতে উৎসাহীদের ভিড় দেখা যায় স্টলগুলিতে।



