Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিবেকানন্দ পার্কে পুরসভার নয়া কমিউনিটি হল

বিবেকানন্দ পার্কে পুরসভার নয়া কমিউনিটি হল
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এই অঞ্চলে কলকাতা পুরসভার কোনও কমিউনিটি হল ছিল না। স্থানীয় বাসিন্দাদের অনুষ্ঠানের জন্য অন্যত্র বাড়ি ভাড়া নিতে হতো। সেই সমস্যা সমাধানে সাদার্ন অ্যাভিনিউয়ে বিবেকানন্দ পার্কের ভিতর একটি কমিউনিটি হল তৈরি হয়েছে। শুক্রবার সেটির উদ্বোধন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়, রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ৮৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সৌরভ বসু। দোতলা এই হলটিতে প্রায় এক হাজার মানুষ একসঙ্গে অনুষ্ঠান করতে পারবেন।
Advertisement
বিবেকানন্দ পার্ক আগে ছিল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির (কেএমডিএ) অধীনে। সম্প্রতি সেটি কলকাতা পুরসভার হাতে এসেছে। কাউন্সিলার সৌরভ বসু বলেন, ‘এটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সুবিধা হবে। তাছাড়া পুরসভার একটি নিজস্ব সম্পত্তিও বাড়ল। পুরসভারও আয় হবে।’ একটি কমিউনিটি হল পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। লেক রোডের বাসিন্দা সোমশুভ্র চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ ভৌমিক বলেন, ‘বেসরকারি হল বুক করতে বিপুল টাকা লাগে। পুরসভার কমিউনিটি হল নিতে গেলে ভাড়া অনেকটাই কম লাগবে। মধ্যবিত্তদের সুবিধা হবে।’ পুরকর্তৃপক্ষ জানিয়েছে, ‘পার্কের ভিতর একটি পুরনো ভগ্নপ্রায় বিল্ডিং ছিল। সেটি কোয়ার্টার হিসেবে ব্যবহার করত কেএমডিএ। প্রথমে ঠিক হয়েছিল, মূল কাঠামোটি রেখে সংস্কার করে নতুন কমিউনিটি হল বানানো হবে। পরে দেখা যায়, বহু বছরের পুরনো সেই বাড়ির স্বাস্থ্য ভালো নয়। তাই পুরো বাড়ি ভেঙে নতুন করে দোতলা বিল্ডিং বানানো হয়েছে। ২০টি বাতানুকূল যন্ত্র বসেছে হলটিতে।  - নিজস্ব চিত্র
সম্পর্কিত সংবাদ