নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রবিবার শরৎ সদনে মধ্য হাওড়া তৃণমূল যুব কংগ্রেসের তরফে বিবেক সংহতি পদযাত্রার সমর্থনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা মধ্য হাওড়ার বিধায়ক অরূপ রায়, হাওড়া সদর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। আগামী ১২ জানুয়ারি আয়োজিত হবে বিবেক সংহতি পদযাত্রা। প্রস্তুতি সভায় প্রায় শতাধিক যুবক-যুবতী মন্ত্রী অরূপ রায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। পাশাপাশি এদিন তৃণমূল কর্মীদের উদ্যোগে প্রায় ৩০০ জন পুণ্যার্থীকে গঙ্গাসাগর মেলার জন্য নিয়ে যাওয়া হয়। তাঁদের জন্য মল্লিকফটকে একটি বাসের ব্যবস্থা করা হয়েছিল সকালে।



