সংবাদদাতা, ময়নাগুড়ি: টাকা চেয়ে না পাওয়ায় ৭০ বছরের বৃদ্ধ বাবাকে মারধর করে জখম করেছিল ছেলে। রবিবার ময়নাগুড়ি থানায় ছেলের বিরুদ্ধে বৃদ্ধ বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে ছেলেকে গ্রেপ্তার করে ময়নাগুড়ি থানার পুলিস। অভিযুক্ত পুলিসের কাছে হাতজোড় করে আর হবে না বলে অনুরোধ করে। পুলিস অভিযুক্ত হরিলাল রবিদাসকে গ্রেপ্তার করেছে।
Advertisement
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অভিযুক্তর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। বাংলার বাড়ির টাকা পেয়েছিলেন বৃদ্ধ সীতারাম রবিদাস। নেশাগ্রস্ত ছেলে প্রায়ই হুমকি দিয়ে বাবার কাছ থেকে সেই টাকার দাবি করছিল। আর সেটা দিতে অস্বীকার করায় বাবার কপালে জুটেছে বেদম মার। রক্তাক্ত অবস্থায় সীতারাম রবিদাস ভাইপো রামানন্দ রবিদাসের বাড়িতে গিয়ে উঠেছিলেন। পরে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সীতারাম। বৃদ্ধ তাঁর ছেলের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।



