সংবাদদাতা, কুমারগ্রাম: পিতৃহারা হওয়ার শোক বুকে চেপে মাধ্যমিকের শেষ তিনটি পরীক্ষা দিল কুমারগ্রাম পঞ্চায়েতের বিত্তিবাড়ি গ্রামের রীনা বিশ্বাস। মঙ্গলবার ভুগোল পরীক্ষার দিন প্রয়াত হন রীনার বাবা পূর্ণ বিশ্বাস (৫৬)। পরিবার সূত্রে খবর, কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। মঙ্গলবার সকালে যখন বাবার শেষকৃত্যের জন্য প্রস্তুত হচ্ছিলেন পরিবারের সদস্য থেকে শুরু করে আত্মীয় ও প্রতিবেশীরা, সেসময় মনে পাথর চেপে রেখে রীনা ভূগোল বিষয়ের পরীক্ষা দিতে গিয়েছিল। পিতৃহারার শোক নিয়েই বুধবার মাধ্যমিকর জীবন বিজ্ঞান এবং বৃহস্পতিবার ভৌত বিজ্ঞান পরীক্ষাও দিয়েছে রীনা। সে কুমারগ্রামদুয়ার বালিকা বিদ্যালয় থেকে এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। কুমারগ্রাম মদনসিং হাইস্কুলে পরীক্ষাকেন্দ্রে সে পরীক্ষা দিয়েছে। রীনা জানায়, বাবা নেই, ভাবতেই কষ্ট হচ্ছে। তা সত্ত্বেও পরীক্ষায় বসেছি। রীনার দাদা কৃষ্ণ বিশ্বাস বলেন, বোনের পরীক্ষা চলাকালীন এই ধরনের ঘটনা ঘটে গেল। বাবা বছর পাঁচেক থেকে অসুস্থ। পেট ব্যাথা সহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। রীনার প্রতিবেশী জীতেন সরকার বলেন, খুবই দুঃখজনক ঘটনা। রীনার পরীক্ষা চলার মাঝেই ওর বাবার মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতেও সে পরীক্ষা দিয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি, সে যেন পড়াশোনায় অনেকদূর এগিয়ে যায়।



