Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

বিভ্রান্তিমূলক রিপোর্ট পেশ! বাদুড়িয়া থানার আইসির বেতন বন্ধের হুঁশিয়ারি

বিভ্রান্তিমূলক রিপোর্ট পেশ! বাদুড়িয়া থানার আইসির বেতন বন্ধের হুঁশিয়ারি
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার হাইকোর্টের রোষের মুখে বসিরহাট পুলিস জেলা। অন্যের জমিতে বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি মামলায় হাইকোর্টে বিভ্রান্তিমূলক রিপোর্ট পেশ করা হয়েছে। তার জেরে বাদুড়িয়া থানার আইসির হাত থেকে সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বাদুড়িয়া থানার জগন্নাথপুর থানা এলাকার বাসিন্দা আব্দুল মান্নানের অভিযোগ ছিল, নিম্ন আদালতের নির্দেশের পরও তাঁর জমি দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছে। পুলিসে একাধিকবার অভিযোগ জানিয়েও লাভ হয়নি। পুলিসের প্রশ্রয়েই ওই নির্মাণ হয়েছে। এই মামলায় এক মাসে আগে পুলিসের কাছে রিপোর্ট তলব করেছিল বিচারপতি ঘোষের বেঞ্চ। সেই মামলায় সোমবার বাদুড়িয়া থানার তরফে যে রিপোর্ট জমা পড়েছে, তা দেখেই রীতিমতো ক্ষেপে যান বিচারপতি। এজলাসে উপস্থিত সরকারি আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, বসিরহাটে কোনও আইনশৃঙ্খলা আদৌ আছে কি? নাকি আপনারা শুধু অনুপ্রবেশের জন্য অপেক্ষা করে থাকেন? ওখানে তো আইসি-ই শেষ কথা। সীমান্ত এলাকায় থানার এই হাল!
Advertisement
এই মামলায় আইসি রিপোর্ট পেশ করে জানিয়েছেন, তাঁর সঙ্গে ‘ফেরেববাজি’ করে ওই নির্মাণ করা হয়েছে। এই রিপোর্ট দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলেন, একটা বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় আইসি-র সোর্সের হাল যদি এই হয়, তাহলে অন্য অপরাধমূলক মামলায় তিনি কী ধরনের তদন্ত করবেন, তা বুঝতে বেশি কিছু লাগে না। তার ওই পদে থাকার কোনও অধিকারই নেই। রাজ্য পুলিস জেলা তৈরি করছে, তাও আদালতের কথা শুনছে না।
এরপরই হুঁশিয়ারির সুরে বিচারপতি বলেন, এক মাস সময় দিচ্ছি। যদি ঠিকঠাক রিপোর্ট না জমা পড়ে, তাহলে আইসি-র সমস্ত ক্ষমতা কেড়ে নিয়ে তাঁর বেতন বন্ধ করে দেব। কোনও মামলায় তদন্ত করার কোনও অধিকার তাঁর থাকবে না। এটাই শেষ সুযোগ। জানুয়ারি মাসে ফের মামলার শুনানি। 
সম্পর্কিত সংবাদ