চণ্ডীগড়: মহারাষ্ট্রের এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির খুনের ঘটনায় শনিবার পাঞ্জাব থেকে গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম আকাশদীপ কারাজসিং। পুলিসের প্রাথমিক অনুমান, পাঞ্জাবের ফাজিলকার বাসিন্দা আকাশদীপ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। সিদ্দিকি খুনে শ্যুটারকে আগ্নেয়াস্ত্র দিয়েছিল সে। ধৃতকে জেরা করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা।
Advertisement
গোপন সূত্রে খবর পেয়ে এদিন যৌথ অভিযানে নামে মহারাষ্ট্র পুলিস ও পাঞ্জাব পুলিসের অ্যান্টি গ্যাংস্টার টাস্ক ফোর্স। পরে পাঞ্জাবের সীমান্ত এলাকা থেকে আকাশদীপকে পাকড়াও করা হয়। দ্রুত তাকে মুম্বইতে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। এর আগে উত্তরপ্রদেশের বাহারাইচ থেকে বাবা সিদ্দিকি খুনের মূলচক্রী শিবকুমারকে গ্রেপ্তার করা হয়েছিল। খুনের পর সীমান্ত পেরিয়ে নেপালে পালানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু সফল হয়নি। পরে লুধিয়ানার সুন্দরনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আরও এক ব্যক্তিকে। ধৃতের নাম সুজিত সুশীল সিং। এপর্যন্ত মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায়।



