Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দাদাগিরি, তোলাবাজি সহ অজস্র অভিযোগে গ্রেপ্তার বাউড়িয়ার তৃণমূল নেতা

বাউড়িয়ার তৃণমূল নেতা আকাশ রজককে গ্রেপ্তার করেছে পুলিশ। দাদাগিরি ও কাটমানির অভিযোগে স্থানীয়রা খুশি। বিস্তারিত জানুন।

দাদাগিরি, তোলাবাজি সহ অজস্র অভিযোগে গ্রেপ্তার বাউড়িয়ার তৃণমূল নেতা
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: আবাস যোজনায় কাটমানি নেওয়া, জোর করে জমি দখল সহ একাধিক অভিযোগে মঙ্গলবার রাতে বাউড়িয়া থানার পুলিশ আকাশ রজক নামে এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে। ধৃত তৃণমূল নেতার বাড়ি উলুবেড়িয়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে। ধৃতকে বুধবার উলুবেড়িয়া আদালতে পেশ করা হয়েছিল। জানা গিয়েছে, আকাশ বাউড়িয়া এলাকায় তৃণমূলের দাপুটে নেতা হিসাবেই পরিচিত। অভিযোগ, এলাকায় দাপিয়ে বেড়াত সে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় দাদাগিরি, তোলাবাজি, হুমকি, জোর করে জমি দখলের অভিযোগ ছিল। এমনকি, আবাস যোজনায় সাধারণ মানুষকে বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নেওয়ার অভিযোগও উঠেছিল তার নামে। সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের পরেই আকাশ গা ঢাকা দিয়েছিল। তার বিরুদ্ধে বাউড়িয়া থানায় লিখিত অভিযোগ জমা হলে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

Advertisement

এলাকাবাসীর অভিযোগ, আকাশ স্থানীয় কাউন্সিলারের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে এলাকায় দাপিয়ে বেড়াত। দুর্নীতি, দাদাগিরি সহ নানা অনৈতিক কাজ করলেও সাধারণ মানুষ ভয়ে চুপ করে থাকতেন। আকাশকে গ্রেপ্তারের প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলার সহ সভাপতি রুদ্রপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয় কাউন্সিলারের ডান হাত হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস চালাত। আকাশ গ্রেপ্তার হওয়ায় খুশি এলাকার মানুষ। অভিযুক্তকে এলাকায় ঘোরানোর পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন রুদ্রপ্রসাদ। এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে আকাশ নিজেকে নির্দোষ বলে দাবি করে। তার দাবি, আমি রাজনৈতিক চক্রান্তের শিকার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ