Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘ট্রাবল মঙ্গার’দের তালিকা তৈরি করছে বারাকপুর পুলিশ

বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আজ রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্যে।

‘ট্রাবল মঙ্গার’দের তালিকা  তৈরি করছে বারাকপুর পুলিশ
  • ৮ মার্চ, ২০২৬ ১৩:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে। আজ রবিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসছে রাজ্যে। ২০২১ সালের বিধানসভা এবং ২০২৪ সালের লোকসভা ভোটকে ভিত্তি করে প্রতিটি থানা এলাকায় শুরু হয়েছে স্পর্শকাতর এলাকা এবং ট্রাবল মঙ্গারদের (গোলমাল পাকাতে পারে এমন ব্যক্তি) চিহ্নিতকরণের কাজ। বারাকপুর পুলিশ কমিশনারেট জুড়ে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। মূলত ২০২১ বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের যেসব এলাকায় গোলমাল হয়েছে বা এবারও হওয়ার সম্ভাবনা রয়েছে, এমন এলাকাকে স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হচ্ছে। 

Advertisement

সেই সঙ্গে ভোটের দিন এবং ভোটের আগে বা পরে যারা গোলমাল পাকায় তাঁদের নামের তালিকা তৈরির কাজ চলছে। তাঁদের ‘ট্রাবল মঙ্গার’ বলে চিহ্নিত করা হচ্ছে। যাঁদের আগাম গ্রেপ্তার অথবা থানায় ডেকে এনে গোলমাল না করার মুচলেকা নেওয়া হতে পারে। আগামী বিধানসভা ভোট যাতে নির্বিঘ্নে হয়, তার পুরোদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। 
কমিশনের নির্দেশে, বারাকপুর পুলিশ কমিশনারেট থানা ধরে ধরে সেই কাজ শুরু করেছে। বারাকপুর পুলিশ কমিশনারেটে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে নিরাপত্তার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইতিমধ্যেই ৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। তাদেরকে দিয়ে স্পর্শকাতর এলাকায় টহলদারি শুরু হয়েছে। সেই সঙ্গে সঙ্গে জামিন অযোগ্য ধারায় (এনবি ডব্লু) যাঁদের নামে অভিযোগ রয়েছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে বারাকপুর পুলিশ কমিশনারেট। 
ইতিমধ্যে ভাটপাড়া জুড়ে অস্ত্র উদ্ধারের অভিযান চলছে। ২৫টি আগ্নেয়াস্ত্র এবং ২৬ রাউন্ড কার্তুজ ইতিমধ্যে উদ্ধার হয়েছে। অস্ত্র রাখার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাধ্যমে ‘ইনসিডেন্ট ফ্রি’ বিধানসভা ভোট করাই যে লক্ষ্য বারাকপুর পুলিশ কমিশনারেট তা বুঝিয়ে দিচ্ছে। 
বিশেষ নজর দেওয়া হচ্ছে ভাটপাড়া, জগদ্দল, টিটাগড়, খড়দহ, কামারহাটি এলাকায়। মিশ্র এলাকায় যাতে সাম্প্রদায়িক গোলমাল না হয়, সেদিকে নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিশনারেট এলাকায় ভাটপাড়া-জগদ্দলের মতো স্পর্শকাতর অঞ্চলগুলিতে বিশেষ সতর্ক পুলিশ। অতীতে অপরাধের অভিযোগ রয়েছে এমন ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেট থেকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ