এলচে- ১ : বার্সেলোনা- ৩
এলচে- ১ : বার্সেলোনা- ৩
রিয়াল মাদ্রিদ- ২ : রায়ো ভায়েকানো- ১
মাদ্রিদ: জমে উঠেছে লা লিগা খেতাবি লড়াই। শনিবার ঘরের মাঠে নাটকীয় ম্যাচে রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। সেই সুবাদে ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল ‘লস ব্ল্যাঙ্কোস’। আর এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। শনিবার অ্যাওয়ে ম্যাচে এলচেকে ৩-১ গোলে বশ মানায় হান্স ফ্লিক ব্রিগেড। রবিবার সান্তিয়াগো বার্নাব্যুতে অতিরিক্ত সময়ের ১০ মিনিটে এমবাপের লক্ষ্যভেদে জয় ছিনিয়ে নেয় রিয়াল। এছাড়া বিজয়ী দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন ভিনিসিয়াস জুনিয়র। উল্লেখ্য, ম্যাচে দুই ফুটবলার লাল কার্ড দেখায় একটা সময় ৯ জনে খেলে রায়ো ভায়েকানো। এমনকী, ম্যাচের শেষলগ্নে পেনাল্টি সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ দেখায় তারা। তবে শেষ পর্যন্ত ঘরের মাঠে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ায় খুশি রিয়াল কোচ আরবেলোয়া।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারা লা লিগাতেও বজায় রাখে বার্সা। শনিবার অ্যাওয়ে ম্যাচে পোলিশ তারকা রবার্ট লিওয়ানডস্কিকে বেঞ্চে রেখেই দল সাজিয়েছিলেন কোচ হান্স ফ্লিক। গোলের জন্য অবশ্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। ম্যাচের ষষ্ঠ মিনিটে ড্যানি ওলমোর পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে জাল কাঁপান ইয়ামাল। তবে সেই লিড খুব বেশি সময় স্থায়ী হয়নি। ২৯ মিনিটে আলভারোর গোলে সমতায় ফেরে এলচে। এরপর প্রথমার্ধের শেষলগ্নে ফের বার্সাকে এগিয়ে দেন ফেরান তোরেস। আর দ্বিতীয়ার্ধে জাল কাঁপিয়ে দলের জয় নিশ্চিত করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা মার্কাস র্যাশফোর্ড।
মরশুমের শুরুটা দারুণ করেছিল রিয়াল। একটা সময় সাত পয়েন্টে এগিয়ে ছিলেন এমবাপেরা। তবে পরপর পয়েন্ট নষ্টের জেরে শীর্ষস্থান হাতছাড়া করে তারা। আর বার্সেলোনা শেষ ১২টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতে খেতাবি দৌড়ে লিড নেয় তারা। যদিও এখনই শিরোপা নিয়ে ভাবতে নারাজ কোচ ফ্লিক। বরং জয়ের ছন্দ বজায় রাখাই লক্ষ্য তাদের।