Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অটোয় লোহার রড ঢুকে মৃত্যু বারাসত কোর্টের আইনজীবীর

বারাসত আদালতে যাওয়ার পথে অটো দুর্ঘটনায় মৃত্যু হল আইনজীবী উত্তম দস্তিদারের। আহত হয়েছেন আরও দুই আইনজীবী। বিস্তারিত পড়ুন।

অটোয় লোহার রড ঢুকে  মৃত্যু বারাসত কোর্টের আইনজীবীর
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বাড়ি থেকে বারাসত আদালতে আসার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক আইনজীবীর। আহত হয়েছেন আরও দুই আইনজীবী। বুধবার ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার বারাসত-বারাকপুর রোডের পাঞ্জাবিখোলায়। মৃতের নাম উত্তম দস্তিদার (৪৫)। পুলিশ জানিয়েছে, উত্তমবাবুর বাড়ি বারাকপুরে। তিনি এদিন বাড়ি থেকে বেরিয়ে অটোয় করে বারাসত আদালতে আসছিলেন। তাঁর সঙ্গে ছিলেন আরও দুই আইনজীবী। বারাসত-বারাকপুর রোডের পাঞ্জাবিখোলায় একটি হার্ডওয়ারের দোকান থেকে রড বের করে ইঞ্জিন ভ্যানে তোলা হচ্ছিল। অটোটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আচমকা রড বোঝাই ইঞ্জিন ভ্যানকে সজোরে ধাক্কা মারে। সেই সময় পিছনের সিটের বাঁদিকে বসে থাকা উত্তমবাবুর শরীরকে এফোঁড়-ওফোঁড় করে দেয় একটি রড। স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে বারাসত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা উত্তম দস্তিদারকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ এই ঘটনায় দু’জনকে আটক করেছে। তারা জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন বারাসত আদালতের আইনজীবীরা। এদিন বেলা ২টোর পর শোকজ্ঞাপন করে আদালতের কাজকর্ম বন্ধ রাখেন আইনজীবীরা। তবে জরুরি ক্ষেত্রে কাজ হয়েছে। অন্যদিকে, টিউশন পড়তে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল দ্বাদশ শ্রেণির এক ছাত্রের। বসিরহাটের মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের রাজাপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। মৃতের নাম রিয়াজ মণ্ডল (১৬)। সে বুধবার সকালে সাইকেলে করে টিউশন পড়তে যাচ্ছিল। রিয়াজ রাজাপুর পেট্রল পাম্পের কাছে পৌঁছাতেই উলটো দিক থেকে আসা একটি বালি বোঝাই লরি ধাক্কা মারে তাকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ