Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বাঁকুড়ায় ভোটার তালিকায় ৬৪৬ জনের নাম দু’জায়গায়

ভোটার তালিকায় একই ব্যক্তির একাধিক জায়গায় থাকা নাম বাদ দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন।

বাঁকুড়ায় ভোটার তালিকায় ৬৪৬ জনের নাম দু’জায়গায়
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বিষ্ণুপুর: ভোটার তালিকায় একই ব্যক্তির একাধিক জায়গায় থাকা নাম বাদ দিতে উদ্যোগী হয়েছে নির্বাচন কমিশন। বাঁকুড়া জেলায় দু’জায়গায় নাম রয়েছে এরকম ৬৪৬জন ভোটারের নাম পাওয়া গিয়েছে। তার মধ্যে ৩১০জনের নাম জেলারই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে রয়েছে। ৩৩৬জনের নাম অন্য জেলায় রয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ওই তথ্য উঠে আসায় তা জেলা ও মহকুমা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি এই জেলার প্রকৃত ভোটার কি না, তা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisement

বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, ভোটার তালিকা প্রকাশের পর তিনভাবে যাচাই করা হয়। নাম ও বাবার নাম, এপিক নম্বর এবং ছবির সঙ্গে গোটা রাজ্যে অন্য কারও মিল রয়েছে কি না তা যাচাই করা হয়। তা কমিশনের ওয়েবসাইটে ধরা পড়ে। প্রতিবার এই তিন ক্ষেত্রেই বেশকিছু ভোটারের মিল পাওয়া যায়। এবারও তা পাওয়া গিয়েছে। সেগুলি যাচাইয়ের কাজ চলছে। শুধু তাই নয়, এক্ষেত্রে ভোটার তালিকায় কারও ত্রুটি থাকলেও তা ধরা পড়ে। সংশোধনেরও সুযোগ থাকে। 
কমিশন সূত্রে জানা গিয়েছে, একজন ভোটারের একটি নির্বাচন ক্ষেত্রেই নাম থাকবে। কিন্তু ভোটার তালিকা প্রকাশের পর তা যাচাই করতে গিয়ে অনেক ক্ষেত্রে একই নাম, এপিক নম্বর অথবা ছবি একাধিক নির্বাচন ক্ষেত্রে দেখা যায়। সেরকমই কমিশনের ওয়েবসাইটে বাঁকুড়া জেলার শালতোড়া বিধানসভা কেন্দ্র এলাকার ৫৬জনের নাম ও এপিক কার্ডের মিল অন্যত্র রয়েছে। এছাড়াও ছাতনায় রয়েছেন ৫২জন। রানিবাঁধে ৪১ ও রাইপুরে ৩১জন, তালডাংরায় রয়েছেন ৩৪জন। বাঁকুড়ায় ৯৪, বড়জোড়ায় ১০৩, ওন্দায় ৬১, বিষ্ণুপুরে ৬৫, কোতুলপুরে ২৬, ইন্দাসে ৩৫ এবং সোনামুখীতে ৪৮জন রয়েছেন। প্রত্যেকের নামে দু’জায়গায় ভোটার কার্ড রয়েছে। তারমধ্যে কোনটি সঠিক, তা জানার জন্য বুথ লেভেল অফিসাররা সংশ্লিষ্ট ভোটারের কাছে যাবেন। ভোটারের অনুমতি নিয়ে সঠিক নির্বাচন ক্ষেত্রটি রাখা হবে। অন্যটি বাতিল করা হবে। এভাবে পর্যায়ক্রমে ভোটার কার্ডের নম্বর, নাম এবং ছবি মিলিয়ে ভোটারের নাম বাতিল করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ