ঢাকা: বাংলাদেশে গণঅধিকার পরিষদের কর্মীদের উপর সেনাবাহিনী ও পুলিসের ‘অত্যাচার’-এর অভিযোগে উত্তাল বাংলাদেশ। সেনার আঘাতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-র প্রাক্তন সহ সভাপতি হওয়ার সুবাদে তিনি বাংলাদেশের রাজনীতিতে ‘ভিপি নুর’ হিসেবেই বেশি পরিচিত। ঘটনাচক্রে, কয়েকদিন পরেই ডাকসুর নির্বাচনের অনুষ্ঠিত হবে। তার আগে একটি রাজনৈতিক দলের নেতা-কর্মীদের উপর সেনার অত্যাচারের অভিযোগ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার কড়া নিন্দা করে বিবৃতি জারি করেছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দপ্তর। বিএনপি, এনসিপি, জামাত সহ অন্য রাজনৈতিক দলগুলিও এই ঘটনার নিন্দা করেছে। মহম্মদ ইউনুসের দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘তত্ত্বাবধায়ক সরকার নূরুল হক নুরের উপর নৃশংস হামলার কড়া নিন্দা করছে। গণঅধিকার পরিষদের সভাপতি হওয়ার পাশাপাশি তিনি জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই ধরনের আক্রমণ জুলাই আন্দোলনের চেতনার উপরেও আঘাত করেছে।’ শনিবার নুরের সঙ্গে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নেন ইউনুস।



