Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতকে সঙ্গে নিয়ে পথ চলার বার্তা দিলেন বাংলাদেশের হাই কমিশনার

বাংলাদেশ এমন কিছুই করবে না, যা ভারতের অস্বস্তির কারণ হয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও ঢাকা এমন কোনো পদক্ষেপ করবে না, যা ভারতের স্বার্থের পরিপন্থী।

ভারতকে সঙ্গে নিয়ে পথ চলার বার্তা দিলেন বাংলাদেশের হাই কমিশনার
  • ২৮ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলাদেশ এমন কিছুই করবে না, যা ভারতের অস্বস্তির কারণ হয়। নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও ঢাকা এমন কোনো পদক্ষেপ করবে না, যা ভারতের স্বার্থের পরিপন্থী। এমনই মন্তব্য করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ। বৃহস্পতিবার ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস। সেই উপলক্ষ্যে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে রিয়াজ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উপরেই জোর দিয়েছেন। তাঁর কথায়, উভয় দেশেরই নিশ্চিন্ত থাকা উচিত।

Advertisement

শেখ হাসিনার পর মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কার্যত তলানিতে এসে দাঁড়ায়। ইউনুস সরকার ভারতকে এড়িয়ে পাকিস্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার উপরে জোর দেয়। যদিও সাধারণ নির্বাচনে জিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। জয়ের পরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একসঙ্গে চলার বার্তা দিয়েছিলেন তারেক। হামিদুল্লাহ বলেন, ‘দুই দেশের নেতৃত্বের মধ্যে নতুন আবহ তৈরি হয়েছে। নির্বাচনের পর একমাস পেরিয়ে গিয়েছে। বাংলাদেশে এখন সবকিছুই শান্ত রয়েছে। যারা অস্থিতিশীলতার আশঙ্কা করেছিল, তারা ভুল প্রমাণিত হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের আমল এখন অতীত বলে কার্যত স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের হাই কমিশনার। তিনি বলেন, ‘বারবার অতীতের দিকে তাকিয়ে আমরা সামনে এগতে পারি না। আগে কী ঘটেছিল, তা নিয়ে ভাবলে আমাদের অগ্রগতি হবে না। উভয় দেশকেই সামনের দিকে তাকাতে হবে।’ ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কীর্তিবর্ধন সিংও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি জানান, ভারত ও বাংলাদেশের সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ