মেলবোর্ন: এতদিন চর্চায় ছিল কেপ টাউন টেস্টে সিরিশ কাগজ দিয়ে অস্ট্রেলিয়ার বল বিকৃতির ঘটনা। ২০১৮ সালে যা তোলপাড় ফেলেছিল ক্রিকেট মহলে। সাসপেন্ড হয়েছিলেন ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ। তারপর কেটে গিয়েছে আট বছর। অনেকেই ভুলতে বসেছিলেন ‘স্যান্ডপেপার’ কেলেঙ্কারি। তবে উসমান খাওয়াজা আত্মজীবনীতে কেপ টাউনের ঘটনার বিবরণ তুলে ধরেছেন। তাঁর বিস্ফোরক দাবি, সিরিশ কাগজ দিয়ে বল বিকৃতির ঘটনা দলের সব ক্রিকেটারই জানত। যদিও সেই দাবিকে নস্যাৎ করেছিলেন তারকা পেসার মিচেল স্টার্ক।
এর মধ্যেই স্যান্ডপেপার কেলেঙ্কারির দ্বিতীয় অধ্যায় সামনে আনলেন খাওয়াজা। তিনি বইয়ে লিখেছেন, পোর্ট এলিজাবেথ টেস্টেও একইভাবে সিরিশ কাগজ দিয়ে বলের পালিশ তুলে ফেলা হয়েছিল বাড়তি সুবিধা পাওয়ার জন্য। ঠিক কী হয়েছিল সেই ম্যাচে? খাওয়াজা জানিয়েছেন, ‘ওই টেস্টে অস্ট্রেলিয়ার ২৪৩ রানের জবাবে ভালো জায়গায় ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু বল বিকৃতির পর ম্যাচের ভোল বদলে যায়। ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়া ব্রিগেড। আসলে মাঠে ঢোকার পরেই আম্পায়ারদের রেখে দেওয়া বলে সিরিশ কাগজ দিয়ে বিকৃতি ঘটানো হয়েছিল। একদিকের পালিশ নষ্ট করে দেওয়া হয়েছিল চুপিসারে। অন্যদিকটা চকচক করছিল। ফলে আমাদের বোলাররা খুব ভালো রিভার্সসুইং করাচ্ছিল। সত্যি বলতে কী, বলের গতিবিধি দেখে সন্দেহ হচ্ছিল সকলের। একটা উইকেট পড়ার পর আমরা যখন সবাই একটা জটলা তৈরি করেছিলাম মাঠে, তখন একজন বোলার বলেছিল আর যেন বলে কারিকুরি না করা হয়। তাতে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা ছিল।’
ওই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন এবি ডিভিলিয়ার্স। তাঁর সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা জিতেছিল ৬ উইকেটে। ফলে বল বিকৃতির ঘটনা ধামা চাপা পড়ে গিয়েছিল। তবে উসমান খাওয়াজা আত্মজীবনীতে যেভাবে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনছেন, তা ক্রিকেট অস্ট্রেলিয়াকে ফের বিড়ম্বনার মুখে ফেলল।



