Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নেপালের নয়া প্রধানমন্ত্রী হিসাবে শপথ বালেন্দ্রর, শুভেচ্ছা মোদির

জনপ্রিয় র‌্যাপার থেকে দেশের প্রধানমন্ত্রী। শুক্রবার নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বালেন্দ্র শাহ। তিনিই নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী।

নেপালের নয়া প্রধানমন্ত্রী হিসাবে শপথ বালেন্দ্রর, শুভেচ্ছা মোদির
  • ২৮ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কাঠমাণ্ডু: জনপ্রিয় র‌্যাপার থেকে দেশের প্রধানমন্ত্রী। শুক্রবার নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন বালেন্দ্র শাহ। তিনিই নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। জেন জি আন্দোলনের জেরে প্রায় ছ’মাস আগে ক্ষমতাচ্যুত হয় কেপি ওলির সরকার। তারপর গণতান্ত্রিক নির্বাচনে সরকার গঠিত হল পড়শি দেশে। শুক্রবার দুপুর ১২টা ৩৪ মিনিটে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) ৩৫ বছর বয়সি নেতা বালেনকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল। হিন্দু ও বৌদ্ধ রীতির মিশ্রণ দেখা যায় শপথ গ্রহণ অনুষ্ঠানে। সাতজন ব্রাহ্মণের শঙ্খধ্বনি, ১০৮ জন বটুকের স্বস্তি বচন ও ১০৭ জন লামার বৌদ্ধ মন্ত্রপাঠের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করলেন বালেন। কাঠমাণ্ডুর প্রাক্তন মেয়র বালেনের পরিবার সীমান্ত ঘেঁষা মধেশ অঞ্চলের বাসিন্দা ছিল। নেপালের ইতিহাসে প্রথমবার এই অঞ্চল থেকে কেউ প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। এদিন বালেনকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, ‘নেপালের মানুষের আস্থা রয়েছে আপনার নেতৃত্বের উপর। ভারত-নেপাল সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী।’ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে চীনও। শুক্রবার বালেনের সঙ্গে আরও বেশ কয়েকজন মন্ত্রী শপথ নেন।       

Advertisement
সম্পর্কিত সংবাদ