নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের শহরে অভিযান চালিয়ে বেআইনি পার্কিং থেকে মোটা টাকা জরিমানা আদায় করল কলকাতা পুরসভা। জানা গিয়েছে, গত সপ্তাহে দু’দিন রাতের শহরের বিভিন্ন জায়গায় অভিযানে বেরিয়েছিলেন পুরসভার পার্কিং বিভাগের কর্মীরা। তাতে বেআইনিভাবে রাস্তায় পার্কিং করা প্রায় ১৫০টি গাড়িতে কাঁটা পরানো হয়েছিল। তা থেকে জরিমানা বাবদ ইতিমধ্যেই দেড় লক্ষ টাকা আদায় হয়েছে। পার্কিং বিভাগের কর্তারা জানাচ্ছেন, পুজোর সময় রাতের বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান বন্ধ ছিল। গত সপ্তাহে তা ফের শুরু হয়েছে। দু’দিন শহরের উত্তর ও দক্ষিণে দু’টি টিম অভিযান চালায়। চলতি সপ্তাহে ফের অভিযানে যাবেন পুরকর্মীরা।



