নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিহার থেকে আগ্নেয়াস্ত্র এনে শিয়ালদহে হাতবদলের সময় কলকাতা পুলিসের এসটিএফের হাতে ধরা পড়ল পাঁচজন। তাদের কাছ থেকে দু’টি নাইন এমএম পিস্তল, কার্তুজ ও মোবাইল ফোন মিলেছে। কাদের কাছে ওই আগ্নেয়াস্ত্র বিক্রির কথা ছিল, তা তাদের জেরা করে জানার চেষ্টা চলছে। ধৃতরা সকলেই বেআইনি অস্ত্রের কারবারি বলে জানা গিয়েছে।
Advertisement
এসটিএফের কাছে খবর ছিল, শিয়ালদহে সুরেন্দ্রনাথ কলেজের কাছে ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে আসছে কয়েকজন। তারা ওই আগ্নেয়াস্ত্র তুলে দেবে স্থানীয় দু’-তিনজন যুবকের হাতে। সেইমতো এসটিএফের টিম পৌঁছে যায় ওই এলাকায়। বেআইনি অস্ত্রের কারবারিরা সেখানে পৌঁছতেই আটক করা হয় পাঁচ যুবককে। তল্লাশি চালালে তাদের কাছ থেকে উদ্ধার হয় দু’টি নাইন এমএম পিস্তল, কার্তুজ ও একটি মোবাইল। প্রাথমিকভাবে তদন্তকারীরা জেনেছেন, এগুলি বিহার থেকে আনা হয়েছে। অভিযুক্তদের জেরা করে জানা গিয়েছে, এর আগেও তারা কলকাতায় এসে আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছে। এই অস্ত্র কোথায় পাঠানোর কথা ছিল, তা জানার চেষ্টা হচ্ছে। ২০২৪ সালের নভেম্বর মাসে এই এলাকা থেকেই এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল পুলিস। তার কাছ থেকেও উদ্ধার হয়েছিল পাঁচটি নাইন এমএম পিস্তল।



